Vijay Free Electricity

তামিলনাডুতে বিনা শুল্কে ২০০ ইউনিট বিদ্যুতের সিদ্ধান্ত বিজয়ের

জাতীয়

শপথ অনুষ্ঠানে সি জোসেফ বিজয়।

বিনামূল্যে বিদ্যুৎ, নিষিদ্ধ মাদক বন্ধ এবং নারী নির্যাতনে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন সি জোসেফ বিজয়। নানা টানাপোড়েনের পর রবিবারই শপথ নেন তিনি।
এদিন বিজয়কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুভেচ্ছা জানিয়ে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন, ‘‘ধর্মনিরপেক্ষতা, জনমুখী অর্থনৈতিক নীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক ন্যায়ের প্রতি দায়বদ্ধ সরকার পরিচালনা করুন আপনি। আশা করব তামিলনাডুর জনতার আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা নেবেন।’’ 
এদিন শপথ নেওয়ার পর সংক্ষিপ্ত ভাষণে জনতাকে ‘যাঁরা আমার হৃদয়ে’ বলে সম্বোধন করেন। পরে মন্ত্রিসভার বৈঠক করে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য সরবরাহের সিদ্ধান্ত জানান। দু’মাসে বিদ্যুৎ খরচ ৫০০ ইউনিটের মধ্যে এমন পরিবারই মাসে ২০০ ইউনিটে শুল্ক ছাড় পাবে।
নারী সুরক্ষার দিকে তাকিয়ে বিশে বাহিনী এবং হেল্পলাইন চালু করার সিদ্ধান্তও জানান তিনি। তিনি বলেছেন, ‘‘কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থ বিশেষ বিবেচনায় রাখা হবে।’’
বিজয়ের দল টিভিকে গরিষ্ঠতা পেলেও বিধানসভার একক গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল না। সিপিআই(এম) এবং সিপিআই সে অবস্থান বিধানসভায় শক্তিপরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানায়। কিন্তু কেন্দ্র নিযুক্ত রাজ্যপাল বিজয়ের শপথ আটকে রেখেছিলেন। গরিষ্ঠতা প্রমাণের জন্য সমর্থনের চিঠি জমা করার শর্ত দেন। সিপিআই(এম) জানিয়েছে যে রাজ্যপালের ভূমিকা গণতন্ত্র বিরোধী। সুপ্রিম কোর্টের রায় বা বিভিন্ন সময়ে কারও একক গরিষ্ঠতা না থাকলে সবচেয়ে বেশি আসনে জয়ী দলকে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হয়েছে। রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রতিবাদে বাইরে থেকে সরকারকে সমর্থন করবে সিপিআই(এম)।
সিপিআই(এম), সিপিআই এবং কংগ্রেসের সমর্থন তামিলনাডুতে অচলাবস্থা কাটাতে সহায়ক হয়েছে। 
এদিকে সিপিআই(এম) পলিট ব্যুরো বৈঠকের মাঝে পিনারাই বিজয়ন তাঁর বার্তা দেন। তিনি বলেছেন, ‘‘গণতান্ত্রিক ব্যবস্থায় জনতার রায়ের মর্যাদা রক্ষা করাই সবচেয়ে কঠিন দায়িত্ব। আশা করব সেই দায়িত্ব পালন করবে এই সরকার।’’
এদিন শপথ অনুষ্ঠানে অংশ নেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

Comments :0

Login to leave a comment