CoochBehar Phansirghat road bridge

দাবি পূরণ করেনি সরকার, যাতায়াতে ভরসা অস্থায়ী সাঁকো

জেলা বাংলা বাঁচানোর ভোট

এভাবেই ফাঁসির ঘাট ব্যবহার করে নদী পারাপার করেন সাধারণ মানুষ।

এবারের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্যতম ইস্যু হয়ে উঠেছে তোর্ষা নদীর ফাঁসিরঘাটে সড়ক সেতু নির্মাণ ।
কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘী চত্বর থেকে মাত্র ৫০০-৬০০ মিটার দূরত্বে তোর্সা নদী ফাঁসির ঘাট। এই নৌকো ঘাট দিয়ে প্রত্যহ প্রায় ২৫থেকে ৩০হাজার মানুষ পারাপার করে কোচবিহার শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। তাছাড়াও এই ফাঁসির ঘাট কোচবিহারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে এই সেতুর দাবিতে। কিন্তু এই দাবি পূরণ করেনি কেন্দ্র কিংবা রাজ্যের সরকার।
বামফ্রন্ট সরকারের আমলেই কোচবিহার শহর থেকে মাথাভাঙ্গা এবং দিনহাটা মহকুমা সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় মানুষের যাতায়াতের পথ  সুগম করতে কোচবিহার-দিনহাটা সড়কের মধ্যবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া এই তোর্ষা নদীর ওপর নির্মান করা হয় তোর্ষা সেতু। যা বামফ্রন্ট সরকারের একটি বড় সাফল্য বলে বিবেচিত হয় আজও। তার আগে এই সেতুর পার্শ্ববর্তী রেল সেতুর ওপর দিয়ে অত্যন্ত কষ্ট করে যাতায়াত করতে হতো সাধারণ মানুষকে। মানুষের দীর্ঘদিনের এই দাবিকে মান্যতা দিয়ে এই রেল সেতুর পাশেই তৎকালীন বামফ্রন্ট সরকারের পূর্ত দপ্তরের অর্থানুকূল্যে নির্মিত হয় তোর্ষা সেতু। এই সেতু নির্মাণ হওয়ার পরেও সংশ্লিষ্ট কোচবিহার - মাথাভাঙ্গা রাজ্য সড়কের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ তাদের সময় বাঁচাতে বেছে নেন এই ফাঁসির ঘাটকে। 
কোচবিহার শহরের বুক চিরে বয়ে চলেছে তোর্ষা নদী। এক পাশে কোচবিহার শহর আর অন্য পাশে রয়েছে কোচবিহার ১নং ব্লকের সুকটাবাড়ি, টাপুরহাট, সাহেবেরহাট, চান্দামারী, চিলকিরহাট, মোয়ামারী, মাথাভাঙ্গা ২নং ব্লকের নিশিগঞ্জ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা। 
প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করেন এই ফাঁসির ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে। কেউ সবজি ব্যবসায়ী, আবার কেউ দিনমজুর, তাদের যাত্রাপথ তোর্ষা নদীর ওপর এই নড়বড়ে বাঁশের সেতু। প্রতিদিন যাতায়াত এর জন্য তাদেরকে দিতে হয় ১০টাকা। বর্ষার পর থেকে এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করলেও অল্প বর্ষায় তাদের ভরসা নৌকা। আর ভারী বর্ষণের সময় এই নদী পরিপূর্ণ হয়ে উঠলে তাদের এই যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। তখন অনেকটা ঘুরে এই কোচবিহার শহরে প্রবেশ করতে হয় তাদের।  
মানুষ তাকে নির্বাচিত করলে এই সেতু নির্মাণের দাবিতে বিধানসভার অভ্যন্তরে সোচ্চার হবেন তিনি বলে জানান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নাজমুল আলম সরকার।
দীর্ঘদিন ধরে এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে সিপিআই(এম)। এই সেতু নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।

Comments :0

Login to leave a comment