School Student Died

তৃতীয় শ্রেণির পড়ুুয়ার মৃত্যুতে তুমুল বিক্ষোভ নাকতলার বেসরকারি স্কুলে

কলকাতা

নাকতলার মহর্ষি বিদ্যামন্দির স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের।

স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নাকতলা এলাকার মহর্ষি বিদ্যামন্দির চত্বর। ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের পরিবার। প্রসঙ্গত, গত ১৩ মে মহর্ষি বিদ্যামন্দিরের তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মাথাও ফেটে যায়। মৃত ছাত্রের বাবা আশিস নাথের অভিযোগ, স্কুল শুরু হয় সকাল ৮:৫০ নাগাদ। তারপর ওই অসুস্থ অবস্থায় শিশুটিকে পেছনের ফাঁকা বেঞ্চে বসিয়ে রাখেন ক্লাস টিচার। তাকে কোনো ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা পর্যন্ত করা হয়নি। এই অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করলে দীর্ঘক্ষণ বাদে পরিবারে খবর যায়। পরিবারের লোকজন তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান মাথায় গুরুতর আঘাতে ওই ছাত্রের ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। ওই অবস্থায় শিশুটি কোমায় চলে যায় এবং দশ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ছাত্রটি মারা যায়। ঘটনায় চুড়ান্ত ক্ষোভ তৈরি হয় স্কুলের অন্য অভিভাবকদের মধ্যে। এদিন তাঁরা স্কুলের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃত শিশুর বাবা-মা এবং অন্য অভিভাবকদের অভিযোগ স্কুলের ম্যানেজমেন্ট প্রিন্সিপাল থেকে অন্য শিক্ষকরা ছাত্রদের সেভাবে দেখভাল করেন না। কোনো অভিযোগ জানাতে গেলেও তাঁরা শোনেন না। এই স্কুলে ভর্তির ক্ষেত্রে ৪০ থেকে ৫০ হাজার টাকা ডোনেশনও দিতে হয় বলে অভিযোগ। এলাকার প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাসের প্রশ্রয় থাকার জন্য স্কুল কর্তৃপক্ষ কার্যত নিজেদের ইচ্ছে অনুযায়ী সবটা করতেন। নেওয়া হতো না অভিভাবকদের কোনো পরামর্শ। স্কুলের প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী ও ম্যানেজমেন্টের শক্তিপদ জানার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগেও এদিন সরব হয়েছেন অভিভাবকরা। ছাত্রের মৃত্যুতে বাঁশদ্রোণী এলাকায় তার পাড়াতেও শোকের ছায়া নেমে এসেছে। এদিন ছাত্রের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে সরব অভিভাবকরা ‘উই ওয়ান্ট জাস্টিস‘ স্লোগান তুলে তুমুল বিক্ষোভ দেখিয়ে বলেছেন, ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। এদিকে এদিন ওই স্কুলে পৌঁছান এলাকার টালিগঞ্জের বিজেপি’র বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি স্কুলের পরিচালন কমিটির সঙ্গে যুক্তদের এবং প্রিন্সিপালকে বরখাস্ত করার দাবি তুলেছেন। উল্লেখ্য, রাজ্যে তৃণমূল কংগ্রেসের জমানায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থায় যে কি ধরনের শোচনীয় অবস্থা নেমে এসেছিলো তা বিভিন্ন ঘটনা পরম্পরায় উঠে আসছে। এদিকে নতুন সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে হাজারো কথা শোনাচ্ছে বিজেপি। তবে সরকার এসেই নয়া কেন্দ্রীয় শিক্ষানীতি এরাজ্যে বলবৎ করার ঘোষণা করেছে। এই নয়া শিক্ষানীতিতে বিশেষত গরিব, মধ্যবিত্ত ঘরের পড়ুয়াদের শিক্ষা গ্রহনের সুযোগ আরও তলানিতে নামবে এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার আরও রমরমা শুরু হবে তা নিয়ে সরব হয়েছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।

Comments :0

Login to leave a comment