LPG Statement Puri

তেল, গ্যাসের সরবরাহ নাকি স্বাভাবিক! উদ্বেগের মধ্যে সংসদে দাবি কেন্দ্রের

জাতীয়

গ্যাস সেন্টার থেকে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। রান্নার গ্যাসের বুকিংও করতে পারছেন না বহু গ্রাহক। সেই সঙ্কটকে কার্যত অস্বীকার করে সরবরাহ শৃঙ্খল মসৃণ রয়েছে বলে সংসদে দাবি করল কেন্দ্র।
ইরানের ওপর আমেরিকা-ইজরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুতর সঙ্কটে পড়েছে তেল আমদানি। কারণ বিশ্বজুড়ে অপরিশোধিত তেল আমদানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বিপজ্জনক হয়ে উঠেছে।  
দেশবাসীর প্রবল উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেছেন, ‘‘এখন মিথ্যা ভাষ্য বা গুজব ছড়ানোর সময় নয়। জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে কঠিন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। অপরিশোধিত তেলের সরবরাহ বজায় রয়েছে। গৃহস্থালী এবং শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এলপিজি’র উৎপাদন ২৮ শতাংশ বাড়ানো হয়েছে।’’ 
জনতার বাস্তব অভিজ্ঞতা যদিও ভিন্ন। গ্যাস সেন্টারের সামনে অটোর দীর্ঘ লাইন দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ফোনে গ্যাস বুকিং নম্বর বা হেল্পলাইনে ফোন করলে কেটে যাওয়ার অভিজ্ঞতা হচ্ছে অনেকেরই। এদিন মন্ত্রী বলেছেন, বুকিংয়ের আড়াই দিনের মধ্যে পৌঁছাবে রান্নার গ্যাস। সঙ্কট শুরু হওয়ার আগের মতোই সময়সীমা রাখা হয়েছে। 
প্রশ্ন হচ্ছে, বুকিং করা না গেলে আড়াই দিন সময়সীমার যুক্তি বাস্তবে খাটবে কিভাবে! 
মন্ত্রী বলেছেন, কিছু এলাকায় সঙ্কট দেখা যাচ্ছে চাহিদা আচমকা বেড়ে যাওয়ার কারণে। উৎপাদন বা সরবরাহের সঙ্কটের কারণে নয়। তিনি বলেছেন, গত ৯ মার্চ ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল’র প্রধানদের নিয়ে তিন সদস্যের কমিটি গড়া হয়েছে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য। 
মন্ত্রী জানিয়েছেন, বিকল্প জ্বালানি পৌঁছে এলপিজি এবং গ্যাসের ওপর চাপ কমানোর জন্য কেরোসিন বাজারে ছাড়া হয়েছে। গণবন্টন ব্যবস্থার পাশাপাশি খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে। 
কেন্দ্রের তথ্য অনুযায়ী, সঙ্কটের আগে হরমুজ প্রণালী দিয়ে ভারতের অপরিশোধিত তেলের ৪৫ শতাংশ আমদানি করা হতো। হরমুজ প্রণালীর বাইরে আমদানি হতো ৫৫ শতাংশ। এখন তা বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। ২৭টি দেশের বদলে ৪০ দেশের থেকে অপরিশোধিত তেল আমদানি করছে ভারত। পেট্রল, ডিজেল, কেরোসিন সহ জ্বালানি তেলের অভাব নেই।

Comments :0

Login to leave a comment