ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা এসআইআর’র মাধ্যমে নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছে তাকেই কার্যত নাগরিকত্বের হিসাবে অঘোষিত স্বীকৃতি দিয়ে রাজ্যে নতুন বিজেপি সরকার সরকারি প্রকল্পের উপভোক্তা বাছাই করছে। অন্নপূর্ণা যোজনায় এসআইআর-এ যাদের নাম বাদ গেছে তারা আবেদন করতে পারবে না। মৌখিকভাবে হাওয়ায় ভাসানো হচ্ছে ভারতের নাগরিকরাই শুধু সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পাবেন না। অনুপ্রবেশকারীর সঙ্গে সচেতনভাবে বংলাদেশ উচ্চারণ করে টার্গেটে রাখা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের। তেমনি এসআইআর-এ নাম থাকাদের সরকারি সুবিধা দেবার কথা বলে প্রকারান্তরে জানিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকাই আসলে নাগরিকত্বের তালিকা। নির্বাচন কমিশন ভারতীয় নাগরিকদের (ভোটার তালিকা) এই তালিকা তৈরি করেছে। অথচ নাগরিকত্ব যাচাই করার বা নাগরিকের তালিকা তৈরি করার কোনও সাংবিধানিক অধিকারই নির্বাচন কমিশনের নেই। তাহলে এতদিন ধরে বামপন্থীরা সহ বিরোধীরা যে অভিযোগ (এসআইআর)’র মাধ্যমে আসলে এনআরসি বা নাগরিকত্ব যাচাই করছে নির্বাচন কমিশন) বার বার করে আসছে শুভেন্দু সরকারের কাজে কর্মে সেই অভিযোগ সত্য বলে গণ্য হচ্ছে।
চার বছর পর ১০০ দিনের কাজ এমজি রেগা মাত্র এক মাসের জন্য চালু করতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ নির্দিষ্ট করেই বলেছেন, ৯১ লক্ষ লোক যাদের নাম এসআইআর-এ বাদ গেছে তারা কেউ ভারতের নাগরিক নন। এদের কাউকে সুবিধা দেওয়া হবে না। তার মানে রাজ্যের নতুন আরএসএস-বিজেপি সরকারের অবস্থান হলো এসআইআর করে নির্বাচন কমিশন ভোটারদের নাগরিকত্ব যাচাই বা ভোটার তালিকারূপে নাগরিক তালিকা তৈরির অধিকার আছে কি না? রাজ্য সরকারেরও আছে কিনা নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকাকে নাগরিক তালিকা হিসাবে গণ্য করার এবং বাদ যাওয়াদের বিদেশি বলে ঘোষণা করার?
আর একটা প্রবণতা জোরালোভাবে উঠে আসছে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন নেতা-মন্ত্রীরা তাদের বক্তব্যে ঘুরিয়ে ফিরিয়ে এসআইআর, ভোটার তালিকাকে বার বার উল্লেখ করছে এবং সেই সূত্রে বাদ যাওয়াদের সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে হুঙ্কার দিচ্ছে। অথচ বাদ যাওয়াদের মধ্যে একটা বড় অংশ কিন্তু হিন্দু। বোঝা যাচ্ছে এই সরকার তাদের বিভাজনের ও মেরুকরণের রাজনৈতিক স্বার্থে এসআইআর, ভোটার তালিকাকে ঘিরে অনুপ্রবেশ ইস্যুকে সরকারি কাজের ক্ষেত্রে জিইয়ে রাখবে। কারণ, বিভাজন ছাড়া, মুসলিম বিদ্বেষের রাজনীতি ছাড়া বিজেপি’র ক্ষমতায় টিকে থাকার আর কোনও ইস্যু নেই। মানুষের জীবন-জীবিকা, রুজি-রোজগার, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষকের আয় নিয়ে সরকার যত ব্যর্থ ও কোণঠাসা হবে ততই বিভাজনের রাজনীতিকে আঁকড়ে ধরবে।
Editorial
ভোটার তালিকাই কি নাগরিক তালিকা
×
Comments :0