মহিলা সংরক্ষণের বিল পাশ হয়ে গিয়েছিল দু’বছর আগেই। তাতেই সংশোধন করে ডিলিমিটেশন বিল পাশ করাতে চেয়েছিলেন। লোকসভায় ধাক্কা খাওয়ার পর ভোটের আগে সহানুভুতি কুড়াতে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার রাত সাড়ে আটটায় প্রধানমন্ত্রীর আসন থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ চালালেন। বিধানসভা ভোটের আগে বললেন, ‘নারীরা এই অপমান ভুলে যাবেন না। তাঁরা নিজেদের জায়গায় এই অপমানের জবাব দেবেন।’ ঘটনা হলো মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের আইন দু’বছর আগে পাশের পর তার প্রয়োগ কবে হবে, মোদীর কাছে এই প্রশ্নের জবাব ছিল না।
বিরোধীরা বলেছিলেন, ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসকে মহিলা সংরক্ষণের থেকে আলাদা করতে হবে। আলাদা করতে হবে জনগণনার শর্তকে। সেকথায় কান না দিয়ে লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব ছিল সংবিধানের ১৩১ তম সংশোধনী বিলে। নিট ফল, উত্তর ভারতের কয়েকটি রাজ্যের আসন বৃদ্ধির অনুপাত অন্য অঞ্চলের চেয়ে বেশি হতো। কেবল উত্তর ভারতের কয়েকটি রাজ্যকে দখল করে গোটা দেশকে শাসন করার ব্যবস্থা ছিল।
কিন্তু মোদী এই সত্যকে স্বীকার করেননি। তিনি বলেছেন, ‘এই বিল কারও থেকে কিছু ছিনিয়ে নেওয়ার জন্য ছিল না। সকলকে কিছু না কিছু দেওয়ার জন্য ছিল। চল্লিশ বছর ধরে আটকে থাকা আইন ২০২৯’র আগে চালুর জন্য ছিল সংবিধান সংশোধন।’
মোদী বলেছেন, ‘বিল পাশ হলে তামিলনাডু, কেরালা, উত্তর প্রদেশ- সব রাজ্যেরই আসন বাড়ত।‘
২০২৩ সালে মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল পাশের সময় বিরোধী সব দলই সমর্থন করেছিল। লোকসভা ভোটের আগে তা নিয়ে প্রচার করেছিলেন মোদী। কিন্তু জনগণনা ও আসন পুনর্বিন্যাসের শর্ত জুড়ে দেওয়ায় তার প্রয়োগ কবে হবে সেই শঙ্কা ছিলই। বামপন্থীরাও সে সময় বিলে সমর্থন জানিয়ে একই আশঙ্কা জানিয়েছিলেন। বাস্তবে তা-ই হয়েছে। কবে মহিলা সংরক্ষণ চালু হবে সরকার বলতে পারছে না। সেটিকেই আড়ালের চেষ্টা চালালেন প্রধানমন্ত্রী।
মোদী এদিন বলেছেন, ‘আমাদের বিশ্বাস দেশের সব মহিলা আমাদের পক্ষে রয়েছেন। আমরা বিল পাশ করাতে পারিনি। কিন্তু এই বিল পাশ করবই।‘
যে বিল লোকসভায় পরাজিত হয়েছে তা পুরোপুরিই ছিল ডিলিমিটেশনের প্রস্তাবে ভরা। সংসদে বাজেট অধিবেশনে সেই বিল পেশ হয়নি। তারপর তাড়াহুড়ো করে ১৬ এপ্রিল সংসদ ডেকে পেশ হয় বিল। সব দলের মতামত নেওয়ার চেষ্টাও করেনি নরেন্দ্র মোদী সরকার।
তার পরও মোদী কংগ্রেস, ডিএমকে, তৃণমূল সহ বিরোধী দলগুলিকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গ, তামিলনাডুতে ভোটের আগে।
Modi on Women's Reservation Bill
ডিলিমিটেশনে ধাক্কা খেয়ে নারী সংরক্ষণে ভোটের ভাষণ মোদীর
×
Comments :0