নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩-এ দাঁড়িয়েছে এবং দুর্যোগের পর থেকে প্রায় ৪,২৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে উদ্ধারকারী দলগুলো ক্রমাগত মৃতদেহ উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। দুর্যোগের ষষ্ঠ দিনে উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন এবং আটকা পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রাসুয়ার ২১৬ মেগাওয়াট আপার ত্রিশুলি-১ প্রকল্পে। সেখানে প্রায় ৩০০ জন সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। নুয়াকোটের ৬০ মেগাওয়াট আপার ত্রিশুলি-৩এ প্রকল্পেও কাদা ও ধ্বংসাবশেষে সুড়ঙ্গের প্রবেশপথ চাপা পড়েছে। উদ্ধারকারীরা গর্ত করে সুড়ঙ্গের ভিতরে ক্যামেরা ও অক্সিজেন পাঠানোর চেষ্টা করছেন।
২২ মেগাওয়াট চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে এখনও আটজনের খোঁজ নেই। প্রকল্প কর্তৃপক্ষের দাবি, তাঁদের মধ্যে ছ’জন সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারেন।
উদ্ধারকাজে নেপালকে সাহায্য করছে ভারত, চীন সহ একাধিক দেশ। ভারতের ১১ সদস্যের বিশেষজ্ঞ দলে রয়েছেন চিকিৎসক, প্যারামেডিক এবং সুড়ঙ্গ বিশেষজ্ঞরা। ধ্বংসস্তূপ, কাদা ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে নানা বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা।
গত ২৬ আগস্ট হড়পা বানে উত্তর ও মধ্য নেপালের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এনডিআরআরএমএ জানিয়েছে, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩-এ দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত চিতওয়ান থেকে ২৭২টি, পূর্ব নাওয়ালপরাসি থেকে ২০৭টি, পশ্চিম নাওয়ালপরাসি থেকে ১৫১টি এবং গোর্খা জেলা থেকে ৬২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একইভাবে, নুয়াকোট থেকে ৯৫টি, ধাদিং থেকে ৫৫টি, তানাহুন থেকে ৩৭টি এবং রাসুয়া থেকে ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ৪ হাজার ২৪৭ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এঁদের মধ্যে ৮৫ জন নিরাপত্তা কর্মী এবং ৩২০ জন বিদেশি নাগরিক রয়েছেন। অস্ট্রেলিয়া জানিয়েছে, অন্তত ৪৩ জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রকের হিসাবে, নেপালে ২৭৫ জন ভারতীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জনও নিখোঁজ রয়েছেন।
মৃতদেহ ও নিখোঁজদের সন্ধানে বৈরী আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছ। তবে জলে ভেসে আসা শত শত দেহ দ্রুত পচে যাওয়ায় অনেকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
Nepal Flash Floods
নেপালে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি
×
Comments :0