CPIM Polit Bureau

শ্রম কোড বিজ্ঞপ্তির নিন্দা, বিধানসভায় সংশোধনীরও আবেদন পলিট ব্যুরোর

জাতীয়

ভোটের ফল ঘোষণার পরেই সারা দেশে শ্রম কোড চালু করে দেওয়ার নিন্দা করল সিপিআই(এম)। রাজ্য সরকার গুলির কাছে সিপিআই(এম) আবেদন জানিয়েছে সাংবিধানিক অধিকার কাজে লাগিয়ে সংশোধনী বিধানসভায় পাশ করানোর। 
শনিবার বিবৃতিতে সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে যে শ্রমিক শ্রেণির অধিকার রক্ষা করার জন্যই রাজ্যগুলির উচিত বিধানসভায় সংশোধনী পাস করানো। 
কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রম কোড আইনের বিজ্ঞপ্তি জারি করেছিল আগেই। দেশজুড়ে প্রতিবাদে ধর্মঘট করেছেন শ্রমিক, কৃষকরা। গত ৪ মে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার চার দিনের মধ্যে শ্রম কোড চালু করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। 
শ্রম কোডে কেড়ে নেওয়া হয়েছে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার। শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করলে ফৌজদারি অপরাধে দায়ী করার রাস্তাও খুলে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কৌশলে আট ঘন্টা কাজের বিধি তুলে দিয়ে বারো ঘন্টা কাজ অনুমোদন করা হয়েছে শ্রম কোডে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ চার শ্রম কোডকে দাসত্বের ফরমান আখ্যা দিয়েছে। 
পলিট ব্যুরো বলেছে যে কেন্দ্রের সরকার ১ এপ্রিল থেকেই শ্রম কোড চালুর বিজ্ঞপ্তি দিতে চেয়েছিল। কিন্তু পাঁচ রাজ্যে নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কায় তা করেনি। ফল বের হওয়ার চার দিনের মাথায় জারি হলো বিজ্ঞপ্তি। ছলনার আশ্রয় নিল কেন্দ্রের সরকার। 
পলিট ব্যুরো বলেছে যে কেরালায় নির্বাচনের আগে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার শ্রম কনক্লেভ করেছিল। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছিল। আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় তা প্রয়োগ করা যায়নি। 
এই পরিস্থিতিতে রাজ্য সরকার গুলিকে শ্রমকোডে সংশোধনী পাস করানোর আবেদন জানিয়েছে পলিট ব্যুরো।

Comments :0

Login to leave a comment