Oil Prices are rising due to the conflict

সংঘর্ষের জেরে চড়ছে দাম, রাশিয়ার থেকে ফের তেল কিনবে ভারত?

আন্তর্জাতিক

মধ্য প্রাচ্যে ভূ-রাজনৈতিক চাপ বেড়ে চলেছে সমানে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল যেভাবে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে তা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে চলেছে। পণ্য আমদানির ক্ষেত্রে বাড়তে চলেছে খরচ।
কেবল তেল নয়, একাধিক পণ্যের আমদানি খরচ বাড়তে পারে ভারতে। সেই অবস্থায় রাশিয়ার থেকে তেল কেনার সাহস প্রধানমন্ত্রী দেখাবেন কিনা, বাণিজ্য মহলে সে প্রশ্ন উঠে গিয়েছে। 
আমেরিকা-ইজরায়েলের আক্রমণের পালটা জবাব দিচ্ছে ইরানও। সংঘর্ষ ছড়াচ্ছে মধ্য প্রাচ্যে। অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্ত্বপূর্ণ একটি সমুদ্র পথ হরমুজ প্রণালী। উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের সংযোগ রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি জলপথ। তেমনি উত্তর আমেরিকা এবং ইউরোপের আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল বাজারও হয় পথে। 
৩৩ কিলোমিটার চওড়া এই হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করে রেখেছে।  আন্তর্জাতিক তেল বাণিজ্যে ভয়ঙ্কর প্রভাব পড়ছে। সোমবার আশঙ্কা, অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। 
হরমুজ প্রণালী দিয়ে ইরাক, সৌদি আরব এবং কাতার ভারতে অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তনি করে। ৩৫ থেকে ৫০ শতাংশ অপরিশোধিত তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত গ্যাস এই পথেই ভারতে চালান কর হয়। 
পাশাপাশি, ভারত তার প্রয়োজনের জ্বালানি তেলের ৮০-৮৫ শতাংশ অন্যান্য দেশের থেকে আমদানি করে। যার বেশিরভাগটাই আসে উপসাগরীয় উৎপাদকদের থেকে। 
সংঘর্ষের মধ্যে পরিশোধকরা পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের বন্দরগুলিতে পণ্য পরিবহনের রুট পরিবর্তন করতে পারে। ভারত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা এবং লাতিন আমেরিকা থেকেও তেল সংগ্রহ করতে পারে। তাছাড়াও, স্বল্পমেয়াদি ধাক্কা কমাতে আগে থেকেই মজুত থাকা পেট্রোলিয়াম সঞ্চয়কেও কাজে লাগাতে পারে। 
যদিও, এই বিকল্প পথ ব্যবহারের ফলে একদিকে যেমন খরচ বাড়বে তেমনি বাড়বে পরিবহনের সময়। 
শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়েই আর প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হলে বাজারে এই তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পাবে।
ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়ার থেকেই বেশিরভাগ তেল কিনছিল কম দামে। আমেরিকার হুমকিতে রাশিয়ার থেকে তেল না কেনার শর্ত মেনেছে নরেন্দ্র মোদী সরকার। সেই শর্তেই হয়েছে বাণিজ্য চুক্তি। এখন ফের রাশিয়ার থেকে তেল কেনার সাহস ভারত দেখাবে কিনা, বড় হয়েছে সে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment