সোমনাথ দত্ত: মালবাজার মালবাজার শহর লাগোয়া বন্ধ রাজা চা বাগান খোলার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার শ্রম দপ্তর শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত শ্রমিক ভবনে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে বাগান খোলার সিদ্ধান্তে সীলমোহর পরে। বুধবার সকাল থেকে বাগানে কাজ শুরু হয়।
বাগান আর্থিক লোকসানে চলছে অথচ শ্রমিক মহলের পক্ষ থেকে সহযোগিতা মিলছে না এই অভিযোগ তুলে ধরে বাগান কর্তৃপক্ষ গত ২৩ জানুয়ারি "সাসপেনশন অফ ওয়ার্ক" নোটিশ জারি করে। শ্রমিক পক্ষ পাল্টা দাবি করে বাগানের সমস্যা নিরসনের। বাগান খোলার দাবি তুলে ধরে দফায় দফায় আন্দোলন হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দুপুর থেকে চলা বৈঠক রাত প্রায় নয়টা পর্যন্ত চলে। শ্রম দপ্তরের মালবাজারের সহকারী শ্রম আধিকারিক শুভ্রজ্যোতি সরকার বলেন,"বুধবার থেকে ফের রাজা চা বাগান খুলবে"। চা বাগান মজদুর ইউনিয়নের পবন প্রধান বলেন," আমরা বাগান খোলার দাবি জানিয়েছিলাম। বাগান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই"। বুধবার সকালে রাজা চা বাগানে গিয়ে দেখা গেল শ্রমিকরা কাজে এসেছেন। স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে বাগানে। বাগানের ফ্যাক্টরিতেও কাজ শুরু হয়েছে। শ্রমিকদের তরফে জানানো হয়েছে, "বাগানে আবারও স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ায় তারা দারুণ খুশি"। এদিন বাগানের মালিক পক্ষের প্রতিনিধিদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলে নি। বাগানের কাজকর্ম স্বাভাবিক হওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে।
Raja Tea Garden reopens
খুলল বন্ধ রাজা চা বাগান
×
Comments :0