Stock Market Crash

অস্থির মধ্য প্রাচ্য, দুর্বল টাকার দাম, ধস শেয়ার বাজারে

জাতীয়

বাজার দুর্বল ছিলই। তার ওপর, মঙ্গলবার, প্রায় ধসে পড়ার মতো অবস্থা দেশের শেয়ার বাজারের। বিনিয়োগকারীদের ১০.১৬ লক্ষ কোটি টাকা মূলধন কমে গিয়েছে একদিনের মধ্যে। 
বিএসই সেনসেক্স এবং নিফটি ৫০- দ্রুত নিচের দিকে নেমেছে দুই সূচকই। 
মূলধন বাজার বিশেষজ্ঞরা বলছেন, মধ্য প্রাচ্যে অস্থিরতা এবং তেলের দাম বেড়ে চলা অন্যতম কারণ। তার সঙ্গে যোগ হয়েছে ডলারের বিচারে টাকার দাম সমানে নেমে যাওয়া। 
তবে বিশ্লেষকদের অনেকেই মনে করিয়েছেন যে ভারতের শেয়ার বাজার থেকে চলতি বছরে সরে গিয়েছে ২ লক্ষ কোটি টাকার বেশি মূলধন। এই বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ দ্রুত কমতে থাকায় শঙ্কা ছড়াচ্ছে বিনিয়োগকারীদের বিভিন্ন অংশে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট মিটতেই কৃচ্ছসাধনের পরামর্শ দিতে শুরু করেছেন। সরকারি স্তর থেকে তার প্রচারও শুরু হয়েছে। এক বছর সোনা না কেনা, হিসেব করে জ্বালানির ব্যবহারের মতো একাধিক উপদেশই শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে জুড়ে দিয়েছেন দেশপ্রমকেও। বিভিন্ন অংশের অনুমান, বড় রকমের ছাঁটকাট হতে পারে সরকারি স্তর থেকে। তার আগে জমি তৈরি করছেন নরেন্দ্র মোদী। 
ইরান এবং আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতির স্থায়ী সিদ্ধান্ত না হওয়ার প্রভাব বাজারে পড়ছে বলে মত একাংশের। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম চড়ে এখনও ব্যারেলে ১০৫ ডলারের ওপর। ডলারের তুলনায় টাকা এখন ৯৫.৫৫। 
আমেরিকার সরকারি বন্ডের প্রতিদানের হার ৪.৪ শতাংশ হয়েছে। সরকারি ঋণপত্র বাবদ প্রতিদানের হার বেড়ে যাওয়ায় পোর্টফোলিও বিনিয়োগ বা শেয়ার বাজারের মূলধন সরে গিয়েছে আমেরিকার বাজারে। 
ভারতের বাজার সম্পর্কে একটি বিনিয়োগ সংস্থার প্রধান বলেছেন, তথ্য প্রযুক্তি এবং আবাসন নির্মাণ সংস্থার শেয়ার দ্রুত কমতে থাকে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এআই’র প্রভাব নিয়ে সংশয় রয়েছে।

Comments :0

Login to leave a comment