Subhendu Adhikary

উত্তরবঙ্গে ‘ঋণ শোধের’ প্রতিশ্রুতি শুভেন্দুর, খোলা হবে জিটিএ ফাইল

রাজ্য জেলা

বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক মিটিংয়ে বক্তব্য রাখছেন মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: রাজু ভট্টাচার্য।

অনিন্দিতা দত্ত 

প্রতি মাসে আসবেন, উত্তরকন্যায় সচিবালয়ে বসবেন। শিলিগুড়িতে এমনই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ২০০৯ থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ বিজেপি-কে জায়গা করে দিয়েছে। এখান থেকে বিজেপি সাংসদ পেয়েছিল ৷ উত্তরবঙ্গের জন্য বিজেপি সংকল্প পত্রে যা যা বলেছে, সেগুলিকে পূরণ করার মধ্যে দিয়ে উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। 
বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। 
মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি, গুন্ডাগিরি, সিন্ডিকেটরাজ আর ক্ষমতার অপব্যবহার করে গরিব মানুষের শোষণ কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। 
তিনি বলেন, পুলিশ প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আইন আইনের পথেই চলবে। 
শুভেন্দু বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। পাহাড় সমতল মিলিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং কেন্দ্রীয় প্রকল্পগুলি সমন্বয়ে দ্রুত কাজ শেষ করার বিষয় নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং আধিকারিকদের সাথে আলোচনা করব। যারা ভাবছেন বিগত সরকারের মত অপরাধ করেও পার পেয়ে যাবেন তেমনটা আর হবার নয়। সরকারি জমি দখল করা, সাধারণ ব্যবসায়ী ও চা শ্রমিকদের ওপর জোর জুলুম বন্ধ করতে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। 
তিনি বলেন, জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এ কিভাবে কতটা কাজ হয়েছে সমস্ত ফাইল এবার খোলা হবে। তৃণমূল সরকারের আমলে জিটিএ দুর্নীতি হয়েছে বলে একাধিকবার অভিযোগ উঠেছিল। 
বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে সোজা শিলিগুড়ি মাল্লাগুড়িস্থিত দলীয় কার্যালয়ে পৌঁছান। 
তবে উত্তরবঙ্গে বিজেপি লোকসভা নির্বাচনে সাফল্য পেলেও তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গের উন্নয়নে কতটা বরাদ্দ করেছে, বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে তা নিয়ে।

Comments :0

Login to leave a comment