‘‘মুসলমানদের কাছে পরীক্ষা আপনারা বিজেপির সাথে থাকবেন কিনা। ভোট বিজেপিকে দেবেন কিনা’’ দলীয় সভা থেকে মুসলমানদের সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা শুধু মুসলমানদের নয় বরং বিরোধীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আদৌ বিরোধী মতপ্রকাশের স্বাধীনতা থাকবে কি এরাজ্যে? নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন দলীয় সভা থেকে যে ভাষায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী তাতে প্রশ্নে নন্দীগ্রামে স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট হবে কিনা। নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক নিহত চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথ। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁর আগে হলদিয়ায় দলীয় সভা হয় বিজেপির। সেই সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায় ‘‘নন্দীগ্রাম ও রেজিনগরে মুসলমানদের কাছে পরীক্ষা এই নির্বাচনে। যাঁরা আমাকে ভোট দেন না, বিজেপিকেও দেন না, মানে সংখ্যালঘুরা, তাঁদের কিছু বলতে চাই। নন্দীগ্রাম এবং রেজিনগরে সংখ্যালঘুদের কাছে একটা আবেদন করে শেষ করব। একটা সুযোগ এসেছে আপনাদের কাছে। আপনারা সরকারের সঙ্গে থাকবেন? আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান? হাতে হাত মিলিয়ে কাজ করতে চান? কাজ নিতে চান কি না? ৬ অক্টোবর, রেজিনগর আর নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা। আপনারা পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম।’’
মুখ্যমন্ত্রী আরও বলেছেন,‘‘চন্দ্রনাথ রথের বড় অপরাধ ছিল উনি আগের বিরোধী দলনেতাকে সাহায্য করতেন। তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই চন্দ্রনাথ রথের মাকেই আমরা প্রার্থী করেছি। নন্দীগ্রামে বিজেপি এমন ব্যবধানে জিতবে, যা কেউ কখনও কল্পনাও করেনি। ভোট আমি করাতে জানি। আজ বলে গেলাম, এমন মার্জিনে নন্দীগ্রামে বিজেপি জিতবে, যেটা কখনও কেউ কল্পনা করতে পারেনি। বাকিটা সময় কথা বলবে।’’
Suvendu Adhikari
ভোট বিজেপিকে দেবেন কিনা পরীক্ষা মুসলমানদের, নন্দীগ্রামে ভাষণ শুভেন্দুর
×
Comments :0