প্লে-অফে ওঠার অঙ্ক আরও কঠিন হলো কলকাতা নাইট রাইডার্সের। রবিবার সন্ধ্যায় লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর। অজিঙ্ক রাহানেদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে ১৩ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নাইট রাইডার্স। প্লে-অফ টিকিট নিশ্চিত করতে হলে, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস দু’দলকেই হারতে হত।
শনিবার রাতে দু’ওভার বাকি থাকতে ১৯৭ রান তাড়া করে রানরেট অনেকটাই বাড়িয়ে নিল পাঞ্জাব কিংস। সেইসঙ্গে ১৪ ম্যাচে ১৫ পয়েন্টে পৌঁছাল শ্রেয়স আইয়ারের দল। তাদের প্লে-অফ এখনও নিশ্চিত নয়। রবিবার দুপুরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস জিতলে, তারাই প্লে-অফে পৌঁছে যাবে। যদি রাজস্থান হেরে যায় মুম্বাইয়ের বিপক্ষে। সেক্ষেত্রে, সন্ধ্যার ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতার শুধু জিতলেই হবে না, পাঞ্জাবের রান রেট (+০.৩০৯) টপকাতে হবে নাইটদের। এই মুহূর্তে কেকেআরের রান রেট (+০.০১১)। বিরাট ব্যবধান জিততে হবে কলকাতার।
রবিবারই এবারের আইপিএলে কলকাতার শেষ ম্যাচ হতে পারে। সেই সম্ভাবনাই প্রবল। অন্তত পাঞ্জাবের জয়ের পর। এই প্রসঙ্গে হেড কোচ অভিষেক নায়ার বলছেন, ‘ যে বিষয়গুলির উপর নিয়ন্ত্রণ রয়েছে, সেগুলির উপর মন দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামীকাল একটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের প্রস্তুতি নিয়েই ভাবছি? আপনি কোনও ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছেন, যখন আইপিএলে খেলছেন, তখন প্রস্তুতির ধরণ একই থাকে। ফলাফল বা পরিণতি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে যা আছে, তা হল আগামীকাল মাঠে নেমে নিজেদের সেরা ক্রিকেটটা খেলা।’
শেষ সাত ম্যাচে ছ’টি জিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে কেকেআর। ঘুরে দাঁড়ানোর রহস্য কী? নায়ারের সংযোজন,‘ আইপিএল-র প্রতিটি ম্যাচই দেখার চেষ্টা করি। ঘুরে দাঁড়ানোর কারণ হিসেবে আমি ধারাবাহিকতার কথাই বলব।’ চোটে ছিটকে গিয়েছেন অংক্রিশ রঘুবংশী। এদিন নাইটদের অনুশীলনে দেখা গেল, লুভনিথ সিসোদিয়াকে। রঘুবংশীর পরিবর্তে হিসেবেই কেকেআর প্র্যাকটিসে এলেন লুভনিথ? কেকেআরের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে হেড কোচ অভিষেক নায়ার স্বীকার করে নিলেন, অংক্রিশ রঘুবংশীর শূণ্যস্থান পূরণ করা সহজ নয়। শেষ ম্যাচে দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। রঘুবংশীর পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন তেজস্বী দাহিয়া। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের সামাজিক মাধ্যমে একটি ভিডিও’তে বাংলা ভাষাকে ব্যঙ্গ করায় রোষের মুখে পড়েছেন অভিষেক পোড়েল। দিল্লির অবস্থা আরও শোচনীয়। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। তারা জিতলেও প্লে-অফে উঠতে পারবে না।
কলকাতা : দিল্লি
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০)
KKR need more then +0.309 NRR
প্লে-অফের পথ কঠিন হলো কলকাতার, আজ প্রতিপক্ষ দিল্লি
×
Comments :0