Trump Israel

বোমা হামলার দায় ইজরায়েলের ঘাড়ে চাপাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানের গ্যাস ভাণ্ডারে হামলার দায় ইজরায়েলের ওপর ঠেলে দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তিনি বলেছেন, ‘‘রাগের বশে ইজরায়েল সাউথ পারস গ্যাস খনিতে বোমা ফেলেছে।‘‘ তাঁর গুরুত্বপূর্ণ সংযোজন, ‘‘আমেরিকা ইজরায়েলের এই আক্রমণের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানত না। কাতারও কিছু জানে না।’’
ইরানে হামলার কুড়ি দিন পরও ইরানকে কাবু করতে পারেনি আমেরিকা-ইজরায়েল অক্ষ। ইজরায়েলের তেল ও গ্যাসের খনিতে বোমা ফেলার পালটা জবাব দিয়েছে। মধ্য প্রাচ্যে আমেরিকার সহযোগী সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং কাতারের একাধিক গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। ফলে মিত্র দেশগুলি এখন দায়ী করছে আমেরিকা এবং ইজরায়েলকে। 
এই অবস্থায় ট্রাম্প দায় এড়ালেও ইজরায়েলের পক্ষে যুক্তি খোঁজার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ‘‘ইরান হামলা চালাচ্ছে বলেই ইজরায়েল বোমা ফেলেছে।’’ এরপরই ইরানকে হুমকি দেওয়ার সুরে তিনি বলেছেন, ‘‘এরপর পারস গ্যাস খনি বোমা ফেলে উড়িয়ে দেবে আমেরিকা। ইজরায়েল সমর্থন করুন বা না করুক, আমেরিকা পিছিয়ে আসবে না।’’
যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। ইজরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধে আগাম হিসেব সব উলটে গিয়েছে। দেশ এবং বিশ্বকে জবাব দিতে হচ্ছে যুদ্ধ আরও কতদিন চলবে। বাণিজ্য সঙ্কট তীব্র, জ্বালানি সঙ্কটের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। কারণ ইরান পালটা আঘাত হেনেই চলেছে। 
কাতারের রাস লাফান গ্যাস কেন্দ্রে ইরান বোমা ফেলেছে। কোনও সুরক্ষা দিতে পারেনি আমেরিকা-ইজরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে যে তাদের দেশে জ্বালানি ক্ষেত্রে আক্রমণের জবাব দেওয়া হলো। আরও হবে। ফলে মধ্য প্রাচ্যে আমেরিকা এবং ইজরায়েলের পাশে থাকে এমন শক্তিগুলি ভয় পাচ্ছে। এদিন হামলার পর কাতারের সরকারি সংস্থা কাতার এনার্জি বিবৃতিতে বলেছে যে শিল্পকেন্দ্রের গুরুতর ক্ষতি হয়েছে।

Comments :0

Login to leave a comment