Raniganj Coal Worker

নাগস খান্দরা কয়লাখনিতে জোরালো বিক্ষোভ শ্রমিকদের

জেলা

নাগস খান্দরা কয়লাখনিতে বিক্ষোভ।

দাবি নাগস খান্দরা কয়লাখনি বাঁচানোর। প্রতিবাদ ইসিএল কর্তৃপক্ষের নোটিশেরও। যে নোটিশে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। প্রতিবাদ
কয়লাখনি এলাকার জনবসতি উচ্ছেদেরও। এদিন এ সবেরই বিরুদ্ধে জোরালো বিক্ষোভ দেখালো সিআইটিইউ অনুমোদিত ভারতের কোলিয়ারি মজদুর সভা। 
বৃহস্পতিবার কোলিয়ারি পিটের সামনে খনি শ্রমিক আবাসন থেকে মানুষজন দলে দলে এসে বিক্ষোভ সভায় অংশ নেন। ইসিএল কর্তৃপক্ষের এহেন কার্যকলাপের সমালোচনা করে বক্তব্য রাখেন সিএমএসআই (সিআইটিইউ) নেতা অঞ্জন বক্সি, আহমেদ খান, রঞ্জিত ঘোষ প্রমুখ। নেতৃত্বরা বিক্ষোভ সভায় বলেন, বিজেপি সরকার এমডিও ও রেভেনিউ শেয়ারিংয়ের নামে বেসরকারি সংস্থার হাতে কয়লা খনি সঁপে দিচ্ছে। 
নাগস খান্দরা কয়লাখনিতে লক্ষ লক্ষ টন উন্নত মানের কয়লা মজুত থাকা সত্ত্বেও ৩টি শিফটের মধ্যে ২টি শিফটে কাজ হচ্ছে। খনি গহ্বরে সুরক্ষার অজুহাত দিচ্ছে কর্তৃপক্ষ। খনি শ্রমিকরা প্রশ্ন তুলছে, ২টি শিফটে উৎপাদন হলে ৩টি শিফটে উৎপাদন হবে না কেন? কয়লা তোলার পর ফাঁকা অংশে বালি প্যাকিং হচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, কয়লাখনি বন্ধ করে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে ইসিএল কর্তৃপক্ষ। কয়লাঞ্চল জুড়ে আওয়াজ উঠেছে, খনি বন্ধ করা চলবে না। খনি বাঁচানোর লড়াই করছে লালঝাণ্ডা। খনি সুরক্ষার নিয়ম মেনেই উৎপাদন করতে হবে। খনি আবাসনগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার ইসিএলের নোটিশে মানুষের ক্ষোভ বাড়ছে। 

Comments :0

Login to leave a comment