মঙ্গলপুর শিল্পতালুকের শ্রমিকদের নূন্যতম মজুরি, সমস্ত শ্রমিকদের ইএসআই, পিএফ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক সুরক্ষার দাবিতে সোচ্চার হলেন শ্রমিকরা। সোমবার সত্যম আয়রন এণ্ড স্টিল কারখানার গেটে সভা করে কারখানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয় সিআইটিইউ অনুমোদিত রানিগঞ্জ স্পঞ্জ আয়রন এণ্ড স্টিল ওয়াকার্স ইউনিয়ন। তীব্র গরম উপেক্ষা করেই বহু শ্রমিক ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শ্রমিকদের অভিযোগ, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে ১৩ মাস অতিক্রান্ত হলেও বেতনচুক্তি করা হয়নি। সিআইটিইউ ইউনিয়নের পক্ষ থেকে বারবার কারখানা কর্তৃপক্ষ ও শ্রমদপ্তরে বকেয়া বেতনচুক্তি সম্পাদন করার দাবি জানিয়ে আবেদন করলেও তৃণমূল সরকার আগ্রহ দেখায় নি। সারা রাজ্যের ক্ষুদ্র মাঝারি লৌহ ইস্পাত শিল্পের কারখানাগুলিতে কারখানা কর্তৃপক্ষ তৃণমূল সরকারের যোগসাজশে বেতনচুক্তিতে কালবিলম্ব করছে। স্পঞ্জ আয়রন কারখানায় সরকার নির্ধারিত নূন্যতম চারশো টাকা মজুরি পাচ্ছেন না সব শ্রমিকরা। নূন্যতম মজুরি বলে কিছু নেই। শ্রমিক শোষণ চলছে। শ্রমিক শোষণের বিরুদ্ধে একমাত্র লড়াই করছে লালঝাণ্ডা।
শ্রমিক ইউনিয়নের নেতা রুনু দত্ত, উমাপদ গোপ, অরূপ লায়েক, গৌতম রজক দাবি করেন, রাজ্যের নতুন মন্ত্রীসভা গঠন করে বেতনচুক্তি সম্পাদন করতে যতদিন দেরি হচ্ছে সেই সময়কালের আগে শ্রমিকদের নূন্যতম চারশো টাকা মজুরি দিতে হবে। শ্রমিক নেতৃত্বরা জানান মঙ্গলপুরের সমস্ত ক্ষুদ্র ও মাঝারি লৌহ ইস্পাত কারখানায় ডেপুটেশন দেওয়া হবে।
Comments :0