ফুটবল বিশ্বকাপ আর এক মাসও বাকি নেই। কিন্তু সেই খেলা ভারতে কোথায় সম্প্রচারিত হবে তা ঠিক নেই। প্রসার ভারতীকে ফিফার সঙ্গে কথা বলে দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে সম্প্রচার করতে হবে। এই মর্মে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠি দিলো এসএফআই। তারা বলেছে ফুটবল বিশ্বকাপ দেশের মানুষ দেখতে না পারলে তার জন্য বিজেপি সরকার দায়ী থাকবে।
এসএফআইয়ের বক্তব্য, ফিফা বিশ্বকাপ বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু ভারতের ফুটবল প্রেমীদের উপেক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে ভারতে ২০২৬ বিশ্বকাপের জন্য কোনও নিশ্চিত সম্প্রচারকারী সংস্থা নেই। তাই এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে বিনামূল্যে সম্প্রচারের দাবি জানিয়েছে। প্রসার ভারতীকে ফিফার সঙ্গে কথা বলে দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে সম্প্রচার করতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে হস্তক্ষেপ করতে হবে। এই সম্প্রচারের ক্ষেত্রে প্রতি চার বছর পর পর পুনর্বিবেচনার বিষয় না করে, সরকারি সম্প্রচার সংস্থার একটি স্থায়ী দায়িত্ব দেওয়া হোক।
এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, "কেন্দ্রে সরকার বুঝতে পারছে না ভারতের মানুষের ফুটবলের প্রতি আবেগ। ২০২২ সালে আর্জেন্টিনা জেতার পর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় থেকে পশ্চিমবঙ্গের মানুষ ও কেরালার মানুষকে তারা অভিনন্দন জানিয়েছিল। ফুটবল আসলে কালেক্টিভ গেম। ভালোভাবে বলতে গেলে ফুটবলটা গরীব মানুষের খেলা। সামাজিক বোধও তৈরি হয় ফুটবলকে কেন্দ্র করে।"
তিনি আরও বলেন, "আরএসএস বিজেপি আসলে মানুষকে ঐক্যবদ্ধ করতে চায় না। মানুষকে জাতের নামে, ধর্মের নামে ভাগ করতে চায়। ওই জন্য সবাই মিলে যে খেলাটা খেলে, তা সম্পর্কে কোনও উদ্যোগ নেই।"
বিভিন্ন সময় দেখা গিয়েছে জনপ্রিয় টুর্নামেন্ট বেসরকারি কর্পোরেট মিডিয়া সংস্থা স্বত্ব কিনে নিয়ে সম্প্রচার করে। নামে বড় অঙ্কের টাকা সাবস্ক্রপিশন বাবদ টাকাও দিতে হয়। বাধ্য হয়ে ক্রীড়াপ্রেমীদের সেই টাকা ব্যয় করতে হয়। এসএফআইয়ের দাবি, দূরদর্শনের মাধ্যমে বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিতে হবে।
Comments :0