Nanur encounter

নানুরে এনকাউন্টার: পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের, বীরভূমের এসপির দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালায় পুলিশ

রাজ্য

বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু রতন শেখের। এই ঘটনায় পুলিশের এক কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছিলেন। নানুরের এনকাউন্টার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। তার দাবি, আত্মরক্ষার্থেই পুলিশ পাল্টা গুলি চালায়।
পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর শান্তিনিকেতন থানার পুলিশ সূত্র মারফত খবর পায়, এলাকায় দুই দুষ্কৃতী রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দু’জনকে আটক করার চেষ্টা করে। সেই সময় রতন শেখ পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর দু’জন দুষ্কৃতিই সেখান থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবলকে প্রথমে বোলপুর এবং পরে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসপি জানান, রতন শেখের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। অস্ত্র আইনের ধারাতেও মামলা ছিল তার বিরুদ্ধে। অতীতেও একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বোলপুর ও বর্ধমানের জেলে থাকতে হয়েছে। গত ১৩ নভেম্বর বোলপুর জেল থেকে জামিনে মুক্তি পায় রতন। তার সঙ্গী রমেশের বিরুদ্ধেও একাধিক মামলা ও অভিযোগ ছিল। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিল।
পুলিশ সুপারের দাবি, পুলিশের একটি দল জানতে পারে রতনকে বর্ধমানে দেখা গিয়েছে। সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ১৩ নভেম্বরের পর কোথায় কোথায় আত্মগোপন করেছিল এবং কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে পুলিশকে তথ্য দেয় রতন।
সেই তথ্যের ভিত্তিতে রতনকে নানুরের একটি ইটভাটায় নিয়ে যায় পুলিশ। এসপির বক্তব্য, সেখানে একটি ঝোপের মধ্যে থেকে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। রতন ফের গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ আবার গুলি চালায়। তাতেই আহত হয় সে। তাকে নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত প্রসঙ্গে পুলিশ সুপার জানান, পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক দলেরও যাওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানিয়েছেন রতনের দু’জন সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমেশ লোহারকে বোলপুর থেকে এবং নুর হুসেন শেখকে লাভপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসপি।
পুলিশ সুপারের আরও দাবি, জেল থেকে মুক্তি পাওয়ার পর রতন ও তার সঙ্গীরা একটি জায়গায় গিয়ে আনন্দ-ফুর্তি করে। সেখানে তারা নতুন করে অন্য একটি অপরাধের পরিকল্পনাও করেছিল বলে তদন্তে জানা গিয়েছে। এসপির দেওয়া তথ্য অনুযায়ী, রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে।
নানুরের এই গুলির লড়াই এবং রতন শেখের মৃত্যুর ঘটনায় পুলিশের বক্তব্যের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের দিকেও নজর থাকবে।

Comments :0

Login to leave a comment