BJP Inner Clash Panihati

বেপরোয়া বিজেপি’র অন্তর্দ্বন্দ্ব, হচ্ছে না ব্যবস্থা, কর্মীর মৃত্যুতে ক্ষোভ পানিহাটির বিধায়কের

রাজ্য জেলা

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দলেরই অপর অংশকে দায়ী করছেন মৃতের স্ত্রী রুমা সাহা ও বিধায়ক রত্না দেবনাথ।

পানিহাটিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ধাক্কাধাক্কিতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। ঘটনা ঘিরে সরব হলেন বিজেপি’রই দুই বিধায়ক।
কেবল তা-ই নয়, মৃত্যুর ঘটনায় অভিযোগ জানাতে গেলে দেড় ঘন্টা থানাতেই অপেক্ষা করতে হয় পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সহ ওই মৃতের পরিবারকে। 
অভিযোগ উঠেছে যে পানিহাটির ঈশ্বর চ্যাটার্জি রোডের এক ব্যবসায়ীর দোকানের সামনে বেশ কয়েকদিন ধরে বিজেপি’র স্থানীয় যুব সভাপতি রাজদীপ দাস দলবল নিয়ে আড্ডা দেন। সেখানে তাঁরা অশালীন গালিগালাজ করেন।  
গত শনিবার ওই এলাকার বিজেপি’র ১ নম্বর মন্ডল সম্পাদক রুমা সাহা ওই ব্যবসায়ীর দোকানের সামনে অশালীন গালিগালাজের প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই বিজেপি’র ওই যুব সভাপতি রাজদীপ দাসের নেতৃত্বে বেশ কিছু যুবক ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং রুমা সাহার উপর চড়াও হয়। ঘটনাস্থলে ওই বিজেপি নেত্রীর স্বামী অরূপ সাহা পৌঁছান। তিনি প্রতিবাদ জানান। তখন বিজেপি’র যুব সভাপতির দলবল অরূপ সাহাকে বুকে ধাক্কা দেয়। এরপরেই  মাটিতে লুটিয়ে পরেন তিনি। তারপর, অরূপ সাহাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সংবাদমাধ্যমের সামনে মৃত অরূপ সাহার স্ত্রী বিজেপি নেত্রী রুমা সাহা কান্নায় ভেঙে পরে বলেন, দলটা করতে গিয়েই স্বামীকে হারালাম। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। 
পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, এই ঘটনার জন্য আমিই দায়ী। বিজেপি না জিতলেই ভালো হতো। তৃণমূলের লোকজনই সব জায়গায় বিজেপি’র মধ্যে ঢুকে পড়ছে। তারাই এই ধরণের অশান্তি করছে। বিধায়কের অভিযোগ, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই সঙ্গে এদিন আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অবশ্য সেই সঙ্গে বিধায়ক রত্না দেবনাথ পুলিশের হয়ে যুক্তি দেন যে ছটের ব্যস্ততা থাকায় এফআইআর দায়ের করতে দেরি হয়েছে। 
এদিকে সংবাদমাধ্যমের প্রশ্নে ‘তৃণমূলের থেকে ঢুকে পড়া লোকজনকে’ দায়ী করেন বারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচীও। তাঁর বক্তব্য, খুন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, বিষয়টি আইনত দণ্ডনীয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

Comments :0

Login to leave a comment