ছট পুজোর জন্য মাংসের দোকান বন্ধের নির্দেশ দিল রামপুরহাট পৌরসভা। তৃণমূলের পৌরপ্রধানের এই নির্দেশের পক্ষেই দাঁড়িয়েছে বিজেপি। তবে বিরোধীদের প্রশ্ন, বিজেপি’র আমদানি করা সংস্কৃতি চালু করতে তৃণমূলের পৌরপ্রধান কেন এত উদ্যোগী? বিজেপিকে খুশি করতেই কি এই সক্রিয়তা?
এমনই চর্চা শুরু হয়েছে রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের পৌরপ্রধান সৌমেন ভকতের জারি করা এই নোটিশ ঘিরে।
রামপুরহাট মহকুমা আদালতের গলিতে থাকা তিনটি মাংসের দোকানে শুক্রবার দুপুরে পৌঁছেছে নোটিশ। তাতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে রবিবার ও সোমবার দোকান বন্ধ রাখতে হবে।
পাশাপাশি যোগ করা হয়েছে যে কাটা মাংস খোলা বিক্রি করা যাবে না। নিদান দেওয়া হয়েছে যাতে কাটা মাংস শালু দিয়ে মুড়ে রাখা হয়। নির্দেশ পালন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার পর দোকানদারদের বক্তব্য, এমন লিখিত নোটিশ এবারই প্রথম পেলাম। নির্দেশ যখন দিয়েছে তখন দোকান বন্ধ রাখতে হবে। এই নির্দেশে পেছনে পৌরপ্রধানের ব্যাখ্যা, আদালতের ওই গলিপথ দিয়ে বহু দর্শনার্থী গান্ধিপুকুরের ঘাটে যান। যাতায়াতের পথে রাস্তার ধারে ঝোলানো মাংস দেখে খারাপ লাগতে পারে।
নোটিশের প্রতিলিপি দেওয়া হয়েছে মহকুমা শাসক ও থানাকেও। ওয়াকিবহাল মহলের দাবি, রামপুরহাটে এমন নোটিশ এই প্রথম দেওয়া হল। রামপুরহাট পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকতে বক্তব্য, ‘‘সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র দুই দিন কয়েকটি দোকান বন্ধ থাকবে। আর রাস্তায় মাংস কেটে বিক্রির ক্ষেত্রে এমনিতেই নিষেধাজ্ঞা আছে।’’ তিনি বলেন, ‘‘মা তারার পুজোতে মাছ ব্যবহৃত হয়। কিন্তু, ছট পুজো সম্পূর্ণ নিরামিষ। বাংলায় সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হয়। তাই বিতর্ক করে কোন লাভ নেই।"
তৃণমূলের পৌরপ্রধানের পক্ষ নিয়েই বিজেপি’র বিধায়ক ধ্রব সাহা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘ছট যারা পালন করেন তাঁদের ধর্মীয় আবেগে সাড়া দিয়ে পৌরসভা ঠিক কাজ করেছে।’’ রামপুরহাট পৌরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআই(এম) নেতা সঞ্জীব মল্লিক বলেছেন, ‘‘কয়েক দিন আগে কে একটা বাগেশ্বর বাবা বাংলায় এসে দুর্গাপুজোয় মাছ-মাংস না খাওয়ার নিদান দিয়ে গিয়েছিলেন। এই সরকার বাংলার সংস্কৃতি চায় না। বাংলার সংস্কৃতি বদলে দিয়ে বিজেপির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়।’
Rampurhat Chhat Meat Shop
ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশ দিলেন তৃণমূলের পৌরপ্রধান, বিতর্ক রামপুরহাটে
×
Comments :0