Bihar Electric subsidies

ভোটের আগে প্রতিশ্রুতি, এখন বিদ্যুৎ ভর্তুকি ছাড়তে বলছেন বিহারের মুখ্যমন্ত্রী

জাতীয়

একই মঞ্চে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

গত বছরের আগস্ট মাসে বিধানসভা নির্বাচনের আগে, তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের সকলের জন্য ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছিলেন। প্রথম অর্থ বছরে, এই প্রকল্পের অধীনে ভর্তুকির জন্য ৩,৭৯৭ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছিল। তবে, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন যে এই ভর্তুকির বোঝা এখন বছরে ২৩,০০০ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।
এই প্রকল্পের অধীনে রাজ্যের .৯২ কোটি গার্হস্থ্য গ্রাহক রয়েছেন এবং রাজ্য সরকার তাঁদের প্রত্যেককেই  ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করে।
সম্রাট চৌধুরী বিদ্যুৎ-র বিল দিতে সক্ষম ব্যক্তিদের কাছে রাজ্যের উপর বোঝা কমাতে ভর্তুকি ত্যাগ করার জন্য আবেদন করেছেন।  ভর্তুকি থেকে সাশ্রয় হওয়া অর্থ শিক্ষার মতো আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 
তিনি উত্তরপ্রদেশের উদাহরণও দিয়ে বলেন, উত্তরপ্রদেশে জনসংখ্যা বিহারের প্রায় দ্বিগুণ কিন্তু বিদ্যুৎ ভর্তুকি বাবদ বছরে মাত্র ৬,০০০ কোটি টাকা ব্যয় করা হয়।
বিহার সরকার ডিসেম্বর থেকে একটি বিশেষ অভিযান শুরু করছে, যেখানে সমস্ত গ্রাহকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হবে যে তারা এই বিনামূল্যের ভর্তুকি ছেড়ে দিতে চান কিনা।
তবে, বিহার সরকারের এই আবেদনটি বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন যে, সরকার দেউলিয়া হয়ে গেছে এবং বিহার এখন আর্থিক বিশৃঙ্খলা, প্রশাসনিক বিশৃঙ্খলা, গোলযোগ, অনাচারের কেন্দ্র হয়ে উঠেছে।

 

Comments :0

Login to leave a comment