SPO Death Kishtwar

কিশতোয়ারে মৃত দুইএসপিও’র দেহ পাঠানো হলো ডাম্পারে, বিতর্ক তুঙ্গে

জাতীয়

পুলিশের সঙ্গে কথা কাটাকাটি বিজেপি’র বিধায়ক শগুন পারিহারের।

কিশতোয়ারে নিহত দুই স্পেশাল পুলিশ অফিসারের দেহ বাসস্থানে পাঠানো হয়েছে ডাম্পারে। এই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার কেন্দ্রের বিজেপি বিধায়ক শগুন পারিহার।
গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর, দুই এসপিও রসপাল কুমার এবল ববি চাঁদের দেহ মেলে কিশতোয়ারের গভীরে ঘন জঙ্গল এলাকায়। দু’জনেই কিশতোয়ারের কিয়ার দছন এলাকার বাসিন্দা। কিয়ার সেক্টরে কর্মরত ছিলেন দু’জনেই। 
গত ১০ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই দুই এসপিও। ধারনা-মারওয়ায় সেনা ছাউনিতে কাজে যোগ দেওয়ার সময় নিখোঁজ হন তাঁরা। দেহ মেলার তিনদিন পর রবিবার তাঁদের দেহ এলাকায় পাঠানো হয়। 
সংবাদসংস্থার ভিডিও-তে দেখা যায় স্থানীয় পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিধায়ক। পরিস্থিতি ঘিরে এলাকায় প্রশাসনের ওপর ক্ষোভ ছিলই। বিধায়ককে বলতে শোনা যায়, ‘তিন দিন বাদে দেহ পাঠাচ্ছেন। তার ওপর তাঁদের দেহ পাঠানো হচ্ছে ডাম্পার ট্রাকে। এভাবেই সম্মান দিচ্ছেন আমাদের জওয়ানদের?’’ পারিহার বলেন, ‘‘যদি আপনারাই দেহের অসম্মান করেন তা’হলে সন্ত্রাসবাদীরা তাদের নিয়ে কী করবে ভেবেছেন?’’ 
পারিহারের অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি রাজ্যের উপরাজ্যপালের সঙ্গে কথা বলার আগে কোনও পুলিশ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেনি। এমনকি দিল্লিতেও অনুরোধ পাঠাতে হয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে প্রশাসনিক দায়িত্ব দিল্লির পাঠানো উপরাজ্যপাল মনোজ সিনহা। তাঁর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কেন্দ্রশাসিত অঞ্চলের আইন-শৃঙ্খ‌লা এবং পুলিশকে নিয়ন্ত্রণ করছে উপরাজ্যপালের দপ্তরর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দুই এসপিও-র মৃত্যুতে তদন্তের দাবি করেছে কংগ্রেস এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের আসীন ন্যাশনাল কনফারেন্স।

Comments :0

Login to leave a comment