বিজেপি কর্মীদের হাতেই আক্রান্ত বিজেপি নেতা। শিতলখুচি বিধানসভা এলাকার ছোটশালবাড়ি এলাকায় বিজেপির ৫ নম্বর মন্ডলের প্রাক্তন সভাপতি পবিত্র বর্মন ও তার ৪ সঙ্গী আক্রান্ত হলেন দলের কর্মীদের হাতেই। অভিযোগ তাদের গাড়ি ভাঙচুড় করা হয়েছ। গুরুতর জখম পবিত্র এখন মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সোমবার সকালে মহকুমা হাসপাতালের বেডে শুয়ে পবিত্র বর্মন অভিযোগ করেন রবিবার দলের নির্দেশ অনুযায়ী বিজয় মিছিলের শেষদিন ছিল। সেই মত রবিবার ছোটশালবাড়ির বিভিন্ন বুথে বিজয় মিছিলে অংশ নিতে একটি গাড়ি নিয়ে তিনি ও তার চার সহকর্মী বিভিন্ন বুথে যাচ্ছিলেন।
রাতের দিকে আক্রারহাট বাজারে বিজয় মিছিলের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছুক্ষন থেকে কর্মীদের সাথে কথা বলে নিজের বাড়ির কাছাকাছি ৫ নং মন্ডলের আরও একটি অনুষ্ঠানে যোগ দিয়েই বাড়ি ফেরার কথা ছিল। রাত ১১ টা নাগাদ যেখানে অনুষ্ঠান ছিল তার অদূরেই গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। গাড়ির চালক নেমে গুঁড়ি সরাতে গেলেই বাঁশ, লাঠি নিয়ে গাড়ির ওপর চড়াও হয় দলেরই বর্তমান মন্ডল সভাপতি পবিত্র অধিকারী, বিকাশ বর্মন ও গোপাল বর্মন ও তাদের সঙ্গীরা। মারধর করা হয় তাদের। প্রাণ বাঁচাতে এক জায়গায় তারা আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশকের খবর দিলে তাদের উদ্ধার করা হয়।
দলের কর্মীরাই কেন হামলা করলো তার ওপর? এই প্রশ্নের উত্তরে জখম পবিত্র বর্মন বলেন, বিজয় মিছিলের পর অর্থাৎ রবিবারের পর দলের পক্ষ থেকে বুথ থেকে গ্রাম পঞ্চায়েত ও ব্লক পর্যায়ে দলের দায়িত্ব ভাগ হওয়ার কথা। আমাকে আটকাতেই সতীর্থরা পরিকল্পনা করে এই হামলা চালিয়ে আমায় খুন করতে চাইছিল।
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করবো। সমস্ত ঘটনা দলের জেলা সভাপতি ও বিধায়ককে জানিয়েছি। ওনারা হাসপাতালে নিজেরা না এলেও প্রতিনিধিদের পাঠিয়ে খোঁজ নিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন।
প্রায় ১৫ বছর ধরে দলের কর্মী হিসেবে সক্রিয় থাকা পবিত্র বর্মনের আক্ষেপ, বিরোধী রাজনৈতিক শক্তির হামলার মুখে অতীতে বহুবার আক্রান্ত হলেও এবার নিজের দলের লোকজনের হাতেই আক্রান্ত হতে হতে হবে এটা কল্পনাও করিনি। এই ঘটনায় তার পরিবারের মধ্যেও তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
Comments :0