মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে সরাসরি সংঘাতের বার্তা দিল কংগ্রেস। বিধানসভা ও লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের এই আইন সংশোধনের বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস।
২০২৩ সালে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হলেও তা কার্যকর করার বিষয়টি সেন্সাস (জনগণনা) এবং ডিলিমিটেশন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল ছিল।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, তারা সরকারকে স্পষ্ট করে দিয়েছেন যে আইনের যে কোনও পরিবর্তনের আগে সব দলের মতামত নেওয়া জরুরি। তিনি বলেন, ‘সরকারের উচিত নয় বিভাজনের রাজনীতি করা। এই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে সব দলের সঙ্গে আলোচনায় বসুক কেন্দ্র।’
সিপিআই(এম) প্রথম থেকেই লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পক্ষে লড়াই করে এসেছে। নব্বইয়ের দশক থেকে যখনই এই বিল সংসদে পেশ করা হয়েছে, বামপন্থীরা ধারাবাহিকভাবে এর পক্ষে ভোট দিয়েছে এবং রাজপথে আন্দোলন করেছে।
বর্তমান সংবিধান সংশোধন অনুযায়ী, ডিলিমিটেশন প্রক্রিয়ার পরেই কেবল এই সংরক্ষণ কার্যকর হতে পারে। যদি সরকার এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কোটা কার্যকর করতে চায়, তবে সংবিধানে ফের সংশোধনী আনতে হবে। সূত্র মারফত খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও কোনও আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও, বিষয়টি খতিয়ে দেখছে সরকার। এমনকি বিরোধী শিবিরের কিছু নেতার কাছে এই বিষয়ে অনানুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে বলেও শোনা যাচ্ছে।
Women's Reservation Bill
মহিলা সংরক্ষণ বিল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি কংগ্রেসের
×
Comments :0