Raninagar

মানুষ ভয় মুক্ত হয়ে ভোট দিচ্ছে, দাবি রানিনগরের সিপিআই(এম) প্রার্থীর

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

মোটের ওপর শান্তিপূর্ণ হচ্ছে ভোট। গণশক্তি ডিজিটালের মুখোমুখি হয়ে বললেন রানিনগর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী জামাল হোসেন। তিনি বলেন, অতীতে তৃণমূলে বুথ দখল করে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছে। এবার তারা পারেনি। মানুষ এগিয়ে এসে ভোট দিচ্ছে। বহু মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারাও এসেছেন ভোট দিতে। 
জামাল হোসেনের কথায়, মানুষের এই অংশগ্রহণ তৃণমূলের বিপক্ষে যাবে। সিপিআই(এম) প্রার্থী অভিযোগ করেন, বুথের বাইরে ভোটারদের জন্য যেই ছাউনির ব্যবস্থা করার কথা ছিল কমিশন তা করেনি। তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন।
উল্লেখ্য তীব্র গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলের ২৩৪ নম্বর বুথে সকালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন ৫৮ বছর বয়সী নৃপেন্দ্র দাস। আচমকা অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট দিয়ে বেরিয়েই মৃত্যু হয়েছে ইসরাতন বিবি নামে এক প্রৌঢ়ার। স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। স্বামীকে ছাড়াই এদিন বুথে এসেছিলেন। ভোট দেওয়ার পরই অসুস্থ বোধ করেন তারপরই তার মৃত্যু হয়।
মালদহের মালতিপুরেও এক ভোটারের মৃত্যু হয়েছে। ভোট দিতে গিয়ে বুথের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান প্রমিলা বাগদি। হৃদরোগে আক্রান্ত ওই মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনা হলে তার মৃত্যু হয়। বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডেও ভোট দিতে যাওয়ার পথেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ডাঙালপাড়ার বাসিন্দা অসীম রায়ের।

Comments :0

Login to leave a comment