Delhi

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে তিন দিনের ধর্মঘটের ডাক গাড়ি চালক সংগঠনগুলি

জাতীয়

জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ার প্রতিবাদে এবং ট্যাক্সি ও অটোর ভাড়া বৃদ্ধির দাবিতে দিল্লিতে আগামী ২১ থেকে ২৩ মে পর্যন্ত তিন দিনের ধর্মঘটের ডাক দিল বাণিজ্যিক গাড়ি চালকদের সংগঠনগুলি। একইসঙ্গে অ্যাপ-ভিত্তিক ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে চালকদের অর্থনৈতিকভাবে শোষণ করারও গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
চালক শক্তি ইউনিয়ন-এর সহ-সভাপতি অনুজ কুমার রাঠোর বলেন, ‘সিএনজি, পেট্রোল এবং ডিজেলের দাম লাগাতার বৃদ্ধির কারণে মধ্যবিত্ত চালকরা নিজেদের পরিবার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তাই দিল্লির অন্যান্য সংগঠনের সঙ্গে আলোচনা করে চালক শক্তি ইউনিয়ন ২১, ২২ এবং ২৩ মে চাক্কা জ্যাম (ধর্মঘট)-এর ডাক দিয়েছে এবং চালকদের কাছে এই তিন দিন গাড়ি না চালানোর আবেদন জানিয়েছে।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জ্বালানির দাম বিপুল হারে বাড়লেও গত প্রায় ১৫ বছর ধরে দিল্লি-এনসিআর অঞ্চলে ট্যাক্সির ভাড়া কার্যত অপরিবর্তিত রয়েছে। এর পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ, ইনস্যুরেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং দৈনন্দিন অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় চালকদের আয়ে বড়সড় টান পড়েছে। সংগঠনের চিঠিতে বলা হয়েছে, ‘মূল্যবৃদ্ধি সত্ত্বেও এখনও পুরোনো হারেই ট্যাক্সি ভাড়া নেওয়া হচ্ছে, যা চালকদের রুটিরুজিতে মারাত্মক প্রভাব ফেলছে।’
ওই চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, ‘ওলা, উবার এবং র্যা পিডো-র মতো অ্যাপ-ভিত্তিক ক্যাব সংস্থাগুলি নিজেদের খেয়ালখুশি মতো কাজ করছে এবং দিল্লি-এনসিআর-এর চালকরা গুরুতর অর্থনৈতিক শোষণের শিকার হচ্ছেন।’
চালকদের ওপর এই শোষণ বন্ধ করতে অবিলম্বে সরকারের সঙ্গে একটি বৈঠক এবং যথাযথ নীতি প্রণয়নের দাবি জানিয়েছে ইউনিয়ন। সোমবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস-এর পক্ষ থেকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে একটি চিঠিও দেওয়া হয়েছে।
চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘সরকার যদি অবিলম্বে ট্যাক্সির ভাড়া না বাড়ায় এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে কোন বিজ্ঞপ্তি জারি না করে, তবে এই আন্দোলন এক বিশাল আকার ধারণ করবে। আর তার জন্য একমাত্র দিল্লি সরকারই দায়ী থাকবে।’ সংগঠনগুলি জানিয়েছে, আগামী ২৩ মে দিল্লি সেক্রেটারিয়েটের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হবে।
আজ ফের পেট্রোল ও ডিজেলের দাম গড়ে লিটার প্রতি ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে ৯৭.৭৭ টাকা থেকে ৯৮.৬৪ টাকা হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে ৯০.৬৭ টাকা থেকে ৯১.৫৮ টাকা প্রতি লিটারে পৌঁছেছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির ঠিক পরপরই চালকদের এই ধর্মঘটের ডাক সাধারণ যাত্রীদের ভোগান্তি যে আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

Comments :0

Login to leave a comment