Domkol

রাজ্যে থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি, তার সঙ্গে চাই কাজ ও শিক্ষা : বলছে ডোমকল (দেখুন সমাবেশ লাইভ)

রাজ্য

ডোমকলের সমাবেশে আনিসুর রহমান। ছবি প্রীতম ঘোষ।

চাই কাজ, চাই শিক্ষা। ডোমকলের সমাবেশে যোগ দিতে আসা সাধারণ মানুষদের মুখে শোনা যাচ্ছে একথাই। রাজ্য জুড়ে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ডোমকলে সমাবেশের ডাক দিয়েছে সিপিআই(এম)। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশাপাশি বক্তব্য রাখবেন এলাকার বিধায়ক মোস্তাফিজুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমানও।
এই সমাবেশে ডোমকল বিধানসভার প্রতিটা প্রান্ত থেকে মানুষ এসেছেন। রবি শেখ। ডোমকলের মানুষ। তিনি বলেন, ‘আমাদের মধ্যবিত্ত মানুষের কাজ দরকার। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। তৃণমূল ভোট লুঠ করেছিল এতো দিন। আমাদের দাবি থাকবে মোস্তাফিজুর বিধানসভায় গিয়ে কাজের কথা বলবে।’
গোটা রাজ্য জুড়ে যেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বিজেপি চাষ করছে তার বিরুদ্ধেও সচেতন ডোমকলের মানুষ। নারায়ণ দাসের কথায়, ‘ডোমকলের মানুষ মুক্তির স্বাদ পেয়েছেন। এখানেই থেমে গেলে হবে না। এখন বিপদ সাম্প্রদায়িকতার, এর মোকাবিলা করতে হবে।’


রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সংগঠনকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের সাথে যোগাযোগ করেছেন মোস্তাফিজুর। ডোমকলের প্রতিটা পরিযায়ী শ্রমিকের সাথে তার রয়েছে যোগাযোগ।
নজরুল ইসলাম একজন পরিযায়ী শ্রমিক, চেন্নাইয়ে তিনি কাজ করেন। তিনি বলেন, ‘গরীব মানুষের জন্য কাজ দরকার। স্বাস্থ্য শিক্ষায় উন্নতি দরকার।’ একই কথা আরও এক পরিজায়ী শ্রমিক মেহেদি হাসান বিশ্বাসের গলায়। তিনি বলেন, ‘এরাজ্য থেকে আর যেন পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে না হয়। আমরা চাই রানা আমাদের হয়ে বিধানসভায় কর্মসংস্থানের কথা বলুক। শিক্ষা এবং কাজ আমাদের চাই।’
রফিকুল ইসলাম মণ্ডল, হকার। রাজ্য জুড়ে যখন হকার উচ্ছেদ চলছে সেই সময় সমাবেশে যোগ দিতে আসা রফিকুল বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। ধর্মের ভিত্তিতে যেন কোন ভাগাভাগি যেন না হয়। সবাই যেন সবার মতো ধর্ম পালন করতে পারে। পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় এবং রাজ্যে শিল্পের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিক যেই রাজ্যে কাজ করছে তাদের সামাজিক সুরক্ষার দায়িত্ব সেই রাজ্য সরকারকে নিতে হবে। তাদের কার্ড দিতে হবে।’

Comments :0

Login to leave a comment