Leftists' Book Stall

কোচবিহার রাসমেলায় বামপন্থীদের বুকষ্টলের নির্ধারিত জায়াগা বরাদ্দ করলো না পৌরসভা

জেলা

কোচবিহার পৌর ভবনের সামনে বামপন্থী দল সমূহের নেতৃত্বরা। ছবি- অমিত কুমার দেব

লাল ঝাণ্ডাকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে শাসকদল। তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোচবিহার রাসমেলায় সিপিআই(এম) সহ ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং এসইউসিআই (কমিউনিস্ট) দলের নির্ধারিত জায়গা বরাদ্দ করছে না কোচবিহার পৌরসভা। অবিলম্বে প্রতিবছরের মতো এবারও সংশ্লিষ্ট রাজনৈতিক দল গুলির বুক স্টলের জন্য রাসমেলার নির্দিষ্ট স্থানগুলি দ্রুততার সাথে বরাদ্দ করার দাবিতে বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক তথা সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিলো বামপন্থী দলসমূহ। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে আইনের দ্বারস্থ হবে বলে এদিন স্পষ্ট হুঁশিয়ারি দেন বামপন্থী নেতৃত্বরা।
এদিন বামপন্থী দল সমূহের নেতৃত্বদের এক প্রতিনিধি দল কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার পাশাপাশি দাবিপত্র জমা দেন কোচবিহার পৌরসভা দপ্তরে। এদিনের এই কর্মসূচি নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, সাধন দেব, ফরওয়ার্ড ব্লক নেতা বিপ্লব কুমার বসু, সিপিআই নেতা পার্থপ্রতিম সরকার, অমল চৌধুরী, এসইউসিআই (কমিউনিস্ট) নেতা নেপাল মিত্র প্রমুখ।
এবারের রাসমেলায় ট্র্যাডিশন অনুযায়ী এই ৪টি বামপন্থী দলের বুক স্টল করবার জন্য রাসমেলার মাঠের নির্দিষ্ট জায়গাগুলি বরাদ্দ করা না হলে আইনের পথে হাঁটবেন তারা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন কোচবিহার জেলা বামপন্থী দলসমূহের নেতৃত্বরা।
বুধবার উদ্বোধন হয়েছে ২১৪তম কোচবিহার রাসমেলার। ইতিমধ্যেই রাসমেলা মাঠের সংশ্লিষ্ট জায়গার একাংশে ইতিমধ্যেই ষ্টল করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আর একাংশ এই মুহূর্ত ফাঁকা রয়েছে। সংশ্লিষ্ট স্থানটিও বরাদ্দ করা হয়নি সিপিআই(এম) সহ অন্যান্য বামপন্থী দলগুলিকে। স্বৈরতন্ত্রের এই নির্লজ্জ ছবি উঠে এসেছে কোচবিহারে।
প্রায় ৬৫বছর যাবত রাসমেলার মাঠে দেশবন্ধু মার্কেট সংলগ্ন এলাকায় রাসমেলার কদিনের জন্য পাশাপাশি বুক স্টল গড়ে ওঠে সিপিআই(এম), ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং এসইউসিআই (কমিউনিস্ট) দলের। এটাই কোচবিহার রাসমেলার ট্র্যাডিশন হয়ে উঠেছিল। জরুরি অবস্থার সময়ও এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু এবার গোটা কোচবিহার রাসমেলাকে গৈরিকিকরণের পাশাপাশি বামপন্থীদের বুকষ্টল করতে না দেওয়ার মত নোংরা খেলায় মেতেছে শাসকগোষ্ঠী বলে অভিযোগ নেতৃত্বদের।
প্রতিবছরের মতো এবারও রাস মেলায় বুক স্টল করার জায়গা বরাদ্দের জন্য পৃথক পৃথক ভাবে কোচবিহার পৌরসভায় লিখিত আবেদন করে এই ৪টি বামপন্থী দল। তাদের এই আবেদন গ্রহণ করে পৌরসভা কর্তৃপক্ষ। ডকেট নম্বর সহ রিসিভ কপিও দেওয়া হয় তাদের। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই কোন আবেদনেরই প্রাপ্তি স্বীকার করেননি পৌর প্রশাসক সহ পৌরসভার আধিকারিকরা। শাসক দলের নির্দেশে রাসমেলায় বামপন্থীদের বুকষ্টল করতে না দেওয়ার রীতিমতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কোচবিহার পৌরসভা বলে বামপন্থী নেতারা। তারা বলেন এই অন্যায় কোনভাবেই মেনে নেওয়া যাবে না আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি এই বিষয় নিয়ে আন্দোলনের শামিল হবেন তারা।

Comments :0

Login to leave a comment