ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছয় বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। পাশাপাশি এদিনই সংবিধান দিবস। সেই উপলক্ষে গোটা দেশজুড়ে এই দিন বিভিন্ন জায়গায় মিছিল করে সারা ভারত কৃষক সভা সহ সংযুক্ত কিসান মোর্চা।
২০২০-২১ সালে তিন কৃষি আইন বাতিলের দাবিতে টানা এক বছর দিল্লির রাস্তায় বসেছিলেন কৃষকরা। দাবি আদায় করে সম্মিলিত কৃষক আন্দোলন। নতি স্বীকার করতে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। সেই আন্দোলনস্থল দিল্লির সীমান্তে টিকরিতে মিছিলে অংশ নেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান সহ নেতৃবৃন্দ। এদিনও পুলিশের ব্যারিকেড ভেঙে হয়েছে মিছিল।
এদিনও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন কৃষকরা। মোদী সরকার এই দাবি মানার প্রতিশ্রুতি দিলেও আইন পাশ করায়নি।
কৃষকদের ঐক্য ও সম্মিলিত সংগ্রাম, অবিরাম গণসংহতি, শান্তিপূর্ণ প্রতিবাদ, অবস্থান কর্মসূচি এবং দেশব্যাপী সংহতির মাধ্যমেই ২০২১ সালের ১৯ নভেম্বর সরকার তিনটি কৃষি আইনই বাতিল করতে বাধ্য হয়। কৃষক নেতৃবৃন্দ বলেছেন, এই ঐতিহাসিক জয় প্রমাণ করেছে যে, জনগণের ঐক্য এবং সুদৃঢ় সম্মিলিত সংগ্রামই করপোরেট-চালিত নীতিগুলোকে পরাজিত করতে পারে।
এদিন সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) ও সারা ভারত কৃষক সভার (এআইকেএস) পতাকা নিয়ে কৃষকরা নয়াদিল্লি ও সারা দেশে সমবেত হয়ে মিছিল করেন।
সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে বাহাদুরগড় থেকে টিকরি সীমান্ত পর্যন্ত এক বিশাল মিছিল হয়। এই পদযাত্রার দাবিগুলোর মধ্যে হলো, ২০২০-২১ সালের ঐতিহাসিক সংগ্রামে শহীদ ৭৩৬ জনের স্মরণে একটি স্মৃতিস্থল নির্মাণ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, ঋণ মুকুব, বিদ্যুৎ বিল ও চারটি শ্রম কোড বাতিল, বীজ বিল প্রত্যাহার, মনরেগা প্রকল্প পুনর্বহাল সহ ভোটারদের অধিকার রক্ষার স্বার্থে এসআইআর (SIR) বাতিল করা।
এদিন কৃষকরা ব্যারিকেড ভেঙে টিকরি সীমান্তে পৌঁছান এবং ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা একটি স্মারকলিপি কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
six years of farmers' movement
কৃষক আন্দোলনের ছয় বছর পূর্তিতে দেশজুড়ে মিছিল
পুলিশের ব্যারিকেড ভেঙে টিকরি সীমান্তে মিছিল কৃষকদের।
×
Comments :0