হাসপাতালে হামলায় জড়িত এবিভিপি’র দুষ্কৃীতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? বৃহস্পতিবার বউবাজার থানা থেকে বেরিয়ে এই প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা।
এদিন, ২৬ নভেম্বর, তিন জুনিয়র ডাক্তার, শাশ্বত নস্কর, আয়ুষ ঝা, আজিঙ্ক কুমার শর্মা, হাজিরা দেন বউবাজার থানায়। গত ১৮ নভেম্বর, হাসপাতালে হামলার জেরে তলব করা হয় এই চিকিৎসকদের। কিন্তু এদিন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা মিছিল করে তাঁদের সঙ্গে বউবাজার থানায় যান।
এদিন প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ চলে বউবাজার থানায়। সেখান থেকে বেরিয়ে তিন জুনিয়র চিকিৎসক বলেন, তদন্তে জন্য সব রকমের সাহায্য করবেন। কিন্তু হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন।
এদিকে চিকিৎসকদের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স জানিয়েছে যে এবিভিপি’র হামলায় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর’র দাবি করা হয়েছে। চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ উৎপল ব্যানার্জি জানিয়েছেন হামলায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে ডেপুটেশন দেওয়া হয়েছে।
এদিন তিন জুনিয়র চিকিৎসককে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে থেকে বউবাজার থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও জুনিয়র চিকিৎসক সংগঠন। ছিলেন অভয়া মঞ্চ সহ প্রতিবাদীরা।
এদিনের মিছিলের জন্য পুলিশকে জানানো হয়েছিল আগেই। কিন্তু বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পুলিশের তরফে জানানো হয় কোনওরকম মিছিল করা যাবে না। সমস্ত চিকিৎসক সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয় মিছিল হবেই। গণতান্ত্রিক প্রতিবাদ পুলিশ জোর করে আটকাতে পারে না। মিছিল করেই বউবাজার থানায় পৌঁছান চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা।
জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের অন্যতম আহ্বায়ক ডাঃ পুন্যব্রত গুণ বলেছেন, "জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে ওষুধ নেই, চিকিৎসার সরঞ্জাম নেই হাসপাতালে। একথা বলা কোনও অপরাধ নয়। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতরা যেভাবে আক্রমণ করল, মেডিক্যাল কলেজে ভাঙচুর চালালো, তা অভাবনীয়। এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আহ্বান দুষ্কৃতীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।’’
উল্লেখ্য, শারদ উৎসবের সপ্তমীর দিন সন্ধ্যাবেলা চোরবাগানের প্যান্ডেলে পদপিষ্ট হয়ে মৃত্যু এবং আহত হন বহু দর্শনার্থী। দ্রুত তাঁদের নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেই। ঝাঁপিয়ে পড়ে চিকিৎসকেরা সুশ্রূষা করেন। জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে একাধিক ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম মজুত নেই। তাঁরা স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় ক্ষোভ জানান।
এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে ওই চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, আটজন চিকিৎসককে শোকজ করে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেই শোকজের প্রতিবাদে গত ১৮ নভেম্বর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সেই সময় বহিরাগত এবিভিপির গুন্ডাবাহিনী তাদের ওপর আক্রমণ চালায়।
চিকিৎসকদের ক্ষোভ, ১৮ তারিখের ঘটনায় এবিভিপি’র দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। অথচ, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তলব করা হলো।
Comments :0