Convention

লেকটাউনে শ্রমিক কনভেনশন

জেলা

শ্রমিকের ন্যূনতম মজুরি ৪২ হাজার টাকা, ৬০ ঊর্ধ্ব অসংগঠিত শ্রমিকদের ১২ হাজার টাকা পেনশন এবং শ্রমিকবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে বৃহস্পতিবার লেকটাউনে শ্রমিক কনভেনশন হয় সিআইটিইউ’র। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘দিল্লি চলো’ অকোপাই দিল্লি  কর্মসূচি। এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে নাগেরবাজারের পূর্বতন দমদম জোনাল কমিটি সভাকক্ষে দমদম ও দক্ষিণ দমদম পৌরাঞ্চল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির যৌথ উদ্যোগে এক  শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ৪ দফা দাবিতে কনভেনশনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন দক্ষিণ দমদম পৌরাঞ্চল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক জহর ঘোষাল।
বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা অসিত সেন, গণআন্দোলনের নেতৃত্ব শৈলেন মাকর এবং উদয় সাহা। এছাড়াও ছিলেন সিআইটিইউ নেতা সুশান্ত দেব, বাবুন সাহা, অজিত সেনগুপ্ত, শান্ত দাশগুপ্ত, রাজা দত্ত সহ জেলার অন্যান্য নেতৃত্ব। কনভেনশনে বিভিন্ন ট্রেডের শ্রমিক, শ্রমিক সংগঠক এবং বিভিন্ন কারখানার শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকশ্রেণির ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সুরক্ষা এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এদিনের কনভেনশনে সভাপতি ছিলেন রানা গুপ্ত ।
কনভেনশন দাবিগুলির মধ্যে ছিল, শ্রমিকবিরোধী চারটি শ্রমকোড বাতিল করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪২,০০০ টাকা করতে হবে। ৩. ৬০ বছর ঊর্ধ্ব সকল অসংগঠিত শ্রমিককে মাসিক ১২,০০০ টাকা পেনশন দিতে হবে। শ্রমজীবী মানুষের জন্য সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Comments :0

Login to leave a comment