অগণতান্ত্রিক এসআইআর বাতিল, জ্ঞানেশ কুমারের অপসারণ ও সমস্ত বৈধ ভোটারদের পুনরায় তালিকাভুক্ত করা, উৎপাদনের দেড়গুন হারে ফসলের এমএসপি চালু আইনসঙ্গত করা সহ কৃষক খেতমজুরদের বহুবিধ দাবিদাওয়াকে সামনে রেখে সংযুক্ত কিষান মোর্চা দার্জিলিঙ জেলার পক্ষ থেকে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘাযতীন পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল কোর্ট মোড়, হাসপাতাল মোড়, ভেনাস মোড় হয়ে হিলকার্ট রোড ধরে এগিয়ে যায়। সেবক মোড় পার করে মিছিলের সমাপ্তি হয় এয়ারভিউ মোড়ে। মিছিল শেষে সর্বনাশা ভারত মার্কিন বানিজ্য চুক্তি বাতি করা, বিকল্প পুনরবাসন ছাড়া রেলের জমি থেকে উচ্ছেদ করা চলবে না, সংশোধিত বিদ্যুৎ বিল ২০২৫ বাতিল করা, কোনমতেই স্মার্ট মিটার চালু করা চলবে না, জবকার্ডে বছরে ২০০দিনের কাজ ও দৈনিক ৭০০টাকা মজুরি দেওয়া, কৃষিঋন মুকুব করা ও আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রোধ, ভাগচাষী ও লিজচাষীদের নাম নথিভুক্ত করে সরকারি স্বীকৃতি দেওয়া এবং চাষী হিসেবে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া, সারের কালোবাজারি বন্ধ করে সস্তায় সার সরবরাহ করা, ৬০বছরের উর্ধে সমস্ত কৃষক ও খেতমজুরকে মাসিক ১০হাজার টাকা পেনশন দেওয়া ইত্যাদি দশ দফা দাবিতে সংযুক্ত কিষান মোর্চার দার্জিলিঙ জেলার পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেটের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন তাপস সরকার, ইন্দ্রমোহন সরকার, আবুল কাশেম, সুরেন দাস ও ক্ষীতিশ রায়।
এদিন মিছিল শুরুর আগে বাঘাযতীন পার্কের সামনে সংক্ষিপ্ত সভা হয়। রাজ্য দেশের পাশাপাশি সমগ্র দার্জিলিঙ জেলা তথা শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকার কৃষকেরা যে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি তা বিস্তারিতভাবে তুলে ধরে সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার পক্ষে তাপস সরকার। বলেন, ২০২০সালের ২৬নভেম্বর দিল্লিতে বিজেপি সরকারের তিনটি কৃষক কালা বিলের বিরুদ্ধে ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিলো। কৃষকদের আন্দোলনের চাপে কালা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলো বিজেপি সরকার। কিন্তু সরকার কথা রাখেনি। তাই সংবিধান দিবসে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। ক্ষমতাসীন দেশের সরকার সংবিধান লঙ্ঘন করছে। সংবিধান আক্রান্ত হচ্ছে বারবার। স্বাধীন, বিধিবদ্ধ সংবিধান প্রদত্ত সংস্থা নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করছে দেশের সরকার। অবৈধভাবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবাংলার ৩৪লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত কৃষকেরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। জ্ঞানেশ কুমারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও বক্তব্য রাখেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য রুহোল আমিন, এআইকেএম’র পবিত্র সিংহ ও এসবিএসকেএস’র ক্ষীতিশ রায়। নেতৃবন্দ বলেন, অন্ধকারময় জীবনে কৃষক সমাজের বসবাস। কিন্তু আলোর দিশা দেখানোর পরিবর্তে দেশ ও রাজ্যের সরকার কৃষক মারা নীতি গ্রহন করেছে। সারা দেশ জুড়ে সারের কালোবাজারি হচ্ছে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। মালিক শ্রেণির স্বার্থে সরকার সার, বীজ, বিদ্যুৎ, কীটনাশকের মূল্য বৃদ্ধি করেই চলেছে। পেটের দায়ে কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। ডবল ইঞ্জিনের সরকারের কৃষক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আগামীর বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন এআইকেকেএমএস’র আবুল কাশেম।
Siliguri
শিলিগুড়িতে সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ, ডেপুটেশন
×
Comments :0