NEET UG

আগামী বছর থেকে নিট পরীক্ষা হবে সিবিটি পদ্ধতিতে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

জাতীয়

নিট পরীক্ষার পদ্ধতি বদলাতে চলেছে আগামী বছর থেকে। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা হবে। চলতি বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বাতিল হয়েছে পরীক্ষায়। ২২ লক্ষ পড়ুয়া গোটা দেশে সমস্যার মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। 
গত ৩ মে গোটা দেশএ নিট পরীক্ষা দেন ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী। তার পর থেকেই উঠতে শুরু করে প্রশ্নফাঁসের অভিযোগ। রাজস্থান থেকে ফাঁস হয় প্রশ্নপত্র। তারপরই ১২ মে পরীক্ষা বাতিল ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

এদিন প্রশ্ন ফাঁসের কথা মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব হল পরীক্ষায় যেন কোনও ধরনের ভুল না থাকে, তা নিশ্চিত করা।’

নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। 
এনটিএ’র দাবি, প্রশ্নপত্র পাঠানো হয়েছে এমন সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা ছিল। পরীক্ষা হলে এআই নিয়ন্ত্রিত সিসিটিভি ছিল। প্রত্যেক পরীক্ষার্থীর ‘বায়োমেট্রিক ভেরিফিকেশন‘ হয়েছে। ফাইভ-জি জ্যামার ছিল পরীক্ষা কেন্দ্রে। 
এনটিএ স্বীকার করেছে যে পরীক্ষার চারদিন পর, ৭ মে, বেনিয়মের অভিযোগ আসে। তদন্তে কয়েকজনকে আটক করা হয়েছে। তার জন্য আবার কৃতিত্ব দাবি করেছে এনটিএ। 
পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আশ্বস্ত করার চেষ্টায় হেল্পলাইন চালু করেছে এনটিএ। ‘neet-ug@nta.ac.in‘ অথবা 011-40759000 / 011-69227700 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments :0

Login to leave a comment