ডাক্তারি পড়ার জন্য প্রবেশিকা অর্থাৎ NEET ( UG ) পরীক্ষা বাতিল করে দেওয়া হল। মে ৩ তারিখ এই পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র লিক হয়ে গেছিল, এই কারণেই এই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা করে, ন্যাশনাল টেস্ট এজেন্সি (NTA) ।
পাশাপাশি আবার ও পরীক্ষা নেওয়া হবে বলে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করা হয়েছে। এখনও অবধি বিভিন্ন সংবাদ সংস্থা মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, আবার পরীক্ষা নেওয়া হলে তার জন্য নতুন করে কোন রেজিস্ট্রেশন করতে হবে না ছাত্র-ছাত্রীদের।
গত ৩ মে ২০২৬’র ‘নিট‘ পরীক্ষা হয়। জাতীয় স্তরে এই স্নাতকস্তরে মেডিক্যাল প্রবেশিকার ভিত্তিতেই সারা দেশে ডাক্তারি পড়ার সুযোগ মেলে। কিন্তু, জাতীয় স্তরে মেডিক্যাল প্রবেশিকা চালু হওয়ার পর থেকে পরীক্ষা প্রক্রিয়া ঘিরে বিভিন্ন অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে এনটিএ।
৩ মে পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে রাজস্থানের শিকরে। তার ভিত্তিতে রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমেছে।
এনটিএ’র দাবি, প্রশ্নপত্র পাঠানো হয়েছে এমন সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা ছিল। পরীক্ষা হলে এআই নিয়ন্ত্রিত সিসিটিভি ছিল। প্রত্যেক পরীক্ষার্থীর ‘বায়োমেট্রিক ভেরিফিকেশন‘ হয়েছে। ফাইভ-জি জ্যামার ছিল পরীক্ষা কেন্দ্রে।
এনটিএ স্বীকার করেছে যে পরীক্ষার চারদিন পর, ৭ মে, বেনিয়মের অভিযোগ আসে। তদন্তে কয়েকজনকে আটক করা হয়েছে। তার জন্য আবার কৃতিত্ব দাবি করেছে এনটিএ।
পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আশ্বস্ত করার চেষ্টায় হেল্পলাইন চালু করেছে এনটিএ। ‘neet-ug@nta.ac.in‘ অথবা 011-40759000 / 011-69227700 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Comments :0