Iran Leader

রাষ্ট্রীয় নেতা বাছাই হয়েছে, জানালো তেহরান

আন্তর্জাতিক

নতুন নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। বিশেষজ্ঞ পরিষদের বৈঠক থেকে বেরিয়ে সরকারি টেলিভশন চ্যানেলকে একথা বলেন পরিষদের এক সদস্য আহমদ আলামোলহোদা। 
আমেরিকা-ইজরায়েলের সরাসরি সামরিক হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। শীর্ষ স্তরে প্রায় ৪০ নেতার মৃত্যু হয়। কিন্তু তাতে দমে যায়নি ইরান। একতরফা হামলার কড়া জবাব দিয়ে চলেছে ৯ দিন ধরে। 
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়ে পরবর্তী নেতা বাছাইয়ে হাত দেওয়ার ঘোষণা পর্যন্ত করেছিলেন। ইরান সেই প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেছে, প্রতিবাদ আলোচনা প্রক্রিয়া চলার মাঝে হামলা চালিয়েছে ইজরায়েল-আমেরিকা। এদের সঙ্গে কথা চালানোর মানে হয় না। 
শনিবার গভীর রাতেও ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন দাবনি করেছে যে তেহরানে তেলের ভাণ্ডার বোমা ফেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নতুন পর্বে সংঘাতকে আরও মারাত্মক করার হুমকি দিচ্ছেন নেতানিয়াহু এবং ট্রাম্প।  
কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ইরানের পালটা হামলায় মধ্য প্রাচ্যে সামরিক ঘাঁটি চালানো কঠিন হচ্ছে আমেরিকার। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরিনের মতো একাধিক দেশে আমেরিকার সেনা ঘাঁটিতে জোরালো হামলা চালিয়েছে ইরান।  
শনিবার ইরান যদিও বলেছে যে মধ্য প্রাচ্যে প্রতিবেশী দেশে হামলা করার কোনও ইচ্ছা নেই। আমেরিকার সেনা ঘাঁটি থেকে হামলা না হলে আর পালটা হানা চালানো হবে না। 
এদিকে ইজরায়েল প্রতিরোধী গোষ্ঠী হেজবোল্লাকে ধ্বংসের নামে লেবাননে হামলা চালাচ্ছে। কয়েক লক্ষ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হচ্ছে। 
ইরানে অন্তত ১৩০০ বাসিন্দার মৃত্যু হয়েছে। 
এদিন রাষ্ট্রীয় নেতা বাছাইয়ের সিদ্ধান্ত জানানো হলেও কারও নাম জানায়নি ইরান। 
ইরানের সুরক্ষা পরিষদের সচিব  আলি লরিজানি বলেছেন যথেষ্ট হিসেব না কষেই আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। হত্যা করেছে খামেনেইকে। তার ফল পেতে হবে। লরিজানির দাবি, পাঁচ মাস যুদ্ধ চালানোর সরঞ্জাম মজুত রয়েছে।

Comments :0

Login to leave a comment