Rahul Gandhi

কলকাতায় রাহুল গান্ধীর সভার অনুমতি দিল না প্রশাসন, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ কংগ্রেসের

রাজ্য

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় রাহুল গান্ধীর জনসভার অনুমতি দেওয়া হয়নি। আর এর নেপথ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত দেখছে হাত শিবির। দলের নির্বাচনী প্রচারে শহরে আসার কথা ছিল রাহুলের।
কংগ্রেসের দাবি, প্রশাসনের ছাড়পত্রের জন্য তারা মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেছিল। কিন্তু অনুমতি না মেলায়, ২৩ এপ্রিলের ওই কর্মসূচির জন্য আনুষঙ্গিক বা লজিস্টিক প্রস্তুতি নেওয়া আর সম্ভব হয়নি।
তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ বা ২৬ এপ্রিল সংশোধিত সূচিতে সভার জন্য প্রশাসনের কাছে নতুন করে অনুমতির আবেদন জমা দেওয়া হবে।
কংগ্রেসের সরাসরি অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং পুলিশ এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন যে, এর আগে মালদহ ও মুর্শিদাবাদে রাহুল গান্ধীর সভাগুলিতে ব্যাপক সাড়া দেখে তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি রীতিমতো ভয় পেয়েছে। উল্লেখ্য, শুভঙ্কর সরকারের কেন্দ্রেই প্রচারে যাওয়ার কথা ছিল রাহুলের।
গত ১৪ এপ্রিল উত্তর দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় তিনটি জনসভা করেছিলেন রাহুল গান্ধী। আগামী ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের জন্য তিনি একদিনের সফরে ফের রাজ্যে আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment