Weather

বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস, তীব্র গরম থেকে স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ

রাজ্য কলকাতা

গত কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহ থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের জেলা। আগামী বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সমগ্র রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বর্তমানে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষত পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ চলছে। পুরুলিয়া শহর এবং পানাগড়ে দিনের বেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।
আগামী দু'দিন পারদের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। এরপরই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা কমবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে, যা গুমোট অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে।
দক্ষিণবঙ্গে যখন হাঁসফাঁস অবস্থা, তখন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই ভালো। সেখানে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। তবে এদিন বিকেলের দিকে শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment