রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করলো রাজ্য সরকার। সোমবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন ডিএ নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিন ক্যাবিনেট বৈঠকে ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডার পাবে। নতুন করে তাদের কোন আবেদন করতে হবে না। তিনি বলেন, ‘যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।’
নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা জানিয়েছেন আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য কোন ভাড়া লাগবে না।
অগ্নিমিত্রা জানিয়েছেন, ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ করার। আগামী মাস থেকে তা বন্ধ হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
West Bengal Government
সপ্তম বেতন কমিশন ঘোষণা করলো রাজ্য
×
Comments :0