ভোটের কাজে বাস নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তাই পর্যাপ্ত সংখ্যক বাস না থাকায় চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি তেনজিঙ নোরগে বাস টার্মিনালে ভাঙচুর চালালো ক্ষুব্ধ যাত্রীরা। বাস টার্মিনাসের কাউন্টারের কাঁচ ভেঙে ফেলে। কম্পিউটার পর্যন্ত ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কর্মসূত্রে উত্তরের বিভিন্ন জেলার মানুষজন শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বসবাস করেন। বিভিন্ন জেলার ভোটার তাঁরা। রাত পোহালেই নির্বাচন। এসআইআর প্রক্রিয়ার পর প্রথম ভোটদান। সকলের মনেই একপ্রকার আতঙ্ক ও ভয় রয়েছে। বৃহস্পতিবার যেকোনভাবেই হোক ভোট দিতেই হবে। আর সেই কারণে বিভিন্ন জেলার বাসিন্দাদের ঘরে ফেরার তাড়া ছিলো বুধবার। তাই এদিন সকাল থেকেই শিলিগুড়ির তেনজিঙ নোরগে বাস টার্মিনালে মানুষের ভিড় উপছে পড়ে। কিন্তু বেসরকারী বাস নেই বললেই চলে। সরকারী বাস যে সংখ্যক রয়েছে সেগুলির অধিকাংশ বাসগুলিকেই নির্বাচন কমিশন নির্বাচনের কাজে নিয়ে নিয়েছে। ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্বাভাবিকভাবে সকাল থেকেই দুপুর পর্যন্ত শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, চোপড়া একাধিক জেলায় যাবার জন্য যাত্রীরা ভিড় জমান। এদিন টার্মিনাসে ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষারত অবস্থায় দেখা গেছে হাজার হাজার যাত্রীদের। ৪০টি আসনের বাসে কমপক্ষে ১২০/১৩০ জন গাদাগাদি করে উঠে রওয়া হয়েছেন। কিন্তু বাস না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে যাত্রীরা তেনজিঙ নোরগে বাস টার্মিনালে ভাঙচুর চালায়। কাউন্টারের কাঁচ ভেঙে কম্পিউটার উপড়ে ফেলে প্রতিবাদ জানান ক্ষিপ্ত যাত্রীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাস টার্মিনালের কর্মীরা। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাস পর্যাপ্ত না থাকায় এই সমস্যা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ে যথেষ্টই ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে।
যাত্রীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভাবনায় থাকা উচিৎ ছিলো যে এতো সংখ্যক সাধারণ মানুষ, রোগী, পরিযায়ী শ্রমিক বিভিন্ন জেলায় ভোট দেবার জন্য কিভাবে গন্তব্যে পৌঁছাবেন। বিকল্প চিন্তার প্রয়োজন ছিলো। টিকিট ও বাসের কোনই দেখা নেই। বাসের জন্য লড়াই করে টিকিট নিতে হচ্ছে। তেনজিঙ নোরগে বাস টার্মিনালের কর্মীর রঞ্জিত দাশগুপ্ত জানান, প্রচুর চাপ। কোনভাবেই যাত্রীচাপ সামাল দেওয়া যায়নি। জনগনের আক্রোশের মুখে টার্মিনালে ভাঙচুর হয়েছে। কম্পিউটার, কাউন্টারের কাঁচ ভাঙচুর হয়েছে। হিউজ সংখ্যায় গাড়ি নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে।
Siliguri
মিলছে না বাস, শিলিগুড়ির টার্মিনাসে ভাঙচুর উত্তেজিত জনতার
×
Comments :0