Supreme Court SIR

ভোটার তালিকা সংশোধনে দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয় রাজ্য

পশ্চিমবঙ্গে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) এর পরে যাদের জরুরি ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলার প্রয়োজন রয়েছে, তাদের আবেদন অগ্রাধিকার দিয়ে (আউট-অফ-টার্ন) শোনার জন্য আপিল ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শুক্রবার শুনানির শুরুতেই, বৃহস্পতিবার অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিপুল ভোটদানে সন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। উল্লেখ্য, প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে রেকর্ড ৯২.৭২ শতাংশ ভোট পড়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘ভারতের একজন নাগরিক হিসেবে ভোটের এই হার দেখে আমি অত্যন্ত আনন্দিত। মানুষ যখন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তখন তা গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করে।’
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে রাজ্যের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি ছিল। 
এই বিপুল মাত্রায় ভোটদানকে স্বাগত জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন।
শীর্ষ আদালত এদিন জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যাদের অন্যান্য অভিযোগ রয়েছে, তারা যেন সুপ্রিম কোর্ট নিযুক্ত ১৯টি আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। পাশাপাশি ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলার আবেদনগুলিকে যেন অগ্রাধিকার দিয়ে শোনা হয়। 
মামলাকারিদের পক্ষ থেকে এক আইনজীবী জানিয়েছেন ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লক্ষ মানুষ শুনানির অপেক্ষায় রয়েছেন। ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত মাত্র ১৩৯ জনের দাবি বা আপিলের নিষ্পত্তি করতে পেরেছে।

Comments :0

Login to leave a comment