নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণা ও ভুয়ো তথ্য রুখতে ভারতে সাময়িকভাবে টেলিগ্রামের ওপর বিধিনিষেধ আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংস্থার দাবি, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এনটিএ-র বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামে ওপর বিধি নিষেধ আরোপ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের ‘মেসেজ এডিট’ বা বার্তা সম্পাদনার সুবিধাও ভারতে নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এনটিএ-র অভিযোগ, পরীক্ষার পরে টেলিগ্রামের মেসেজ সম্পাদনার সুবিধা ব্যবহার করে পুরনো পোস্টে প্রশ্নপত্র সংযুক্ত করে তা আগেভাগে ফাঁস হয়েছিল বলে ভুয়ো প্রমাণ তৈরি করত। পোস্টের মূল সময় অপরিবর্তিত থাকায় অনেকেই সেই তথ্যকে সত্য বলে বিশ্বাস করতেন। সংস্থার মতে, এই অপব্যবহার রুখতেই সাময়িকভাবে ওই ফিচার বন্ধ রাখা হচ্ছে।
এনটিএ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার টেলিগ্রামভিত্তিক প্রতারণা ও ভুয়ো প্রচারের বিরুদ্ধে পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ইতিমধ্যেই নিট প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা চালানো একাধিক টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ ও বট বন্ধ করে দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বিহার পুলিশ পরীক্ষার্থীদের সতর্ক করে একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে, আহমেদাবাদ সিটি সাইবার ক্রাইম শাখা একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের মতে, ওই চক্র একাধিক টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রায় ১.৫ কোটি টাকার লেনদেন করেছে এবং মাত্র এক মাসে প্রায় এক হাজার মোবাইল নম্বরে যোগাযোগ করেছে।
এনটিএ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার সুরক্ষিত প্রক্রিয়ার বাইরে কোনও নিট প্রশ্নপত্রের অস্তিত্ব নেই। তাই সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্মে প্রশ্নপত্র পাওয়ার দাবি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণামূলক। সংস্থার দাবি, কিছু টেলিগ্রাম চ্যানেল কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত নিয়ে পুনঃপরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখাচ্ছিল।
যদিও এই সিদ্ধান্তে সাধারণ টেলিগ্রাম ব্যবহারকারীদের কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে এনটিএ, তবে তাদের দাবি, নিষেধাজ্ঞা শুধুমাত্র পরীক্ষা ঘিরে সীমিত সময়ের জন্যই কার্যকর থাকবে। এছাড়া মেসেজ এডিট ফিচার বন্ধ থাকলেও নতুন বার্তা পাঠানো বা গ্রহণে কোনও সমস্যা হবে না।
উল্লেখ্য, নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা আগামী ২১ জুন নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার নিরাপত্তা ও নিরপেক্ষতা অটুট রয়েছে বলে আশ্বাস দিয়েছে এনটিএ। পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএ-র সরকারি ওয়েবসাইট ও সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও ধরনের প্রতারণামূলক যোগাযোগ বা প্রলোভনের মুখোমুখি হলে অবিলম্বে সাইবার অপরাধ দমনকারী কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
NEET UG
প্রশ্ন ফাঁস আটকাতে টেলিগ্রামে নিষেধাজ্ঞা
×
Comments :0