Bangladesh

উদ্ধার পদ্মায় ডুবে যাওয়া বাস, মিললো ২৩ টি মৃতদেহ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, নিহতদের মধ্যে ১১ মহিলা, চার পুরুষ ও আট শিশু রয়েছেন। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৬ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আরও পাঁচটি দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং দমকল ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও তীব্র স্রোতের প্রতিকূলতা পেরিয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে টেনে তোলা হয়। উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ জানতে সরকার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। একটির নেতৃত্বে আছেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা শাসক এবং অপরটির নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রকের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম। কমিটি দুটিকে তিন তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, নিহতদের শেষ কৃত্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করবে। ডুবে যাওয়া বাসটিতে প্রায় পঞ্চাশ যাত্রী ছিলেন। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। 
প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহতদের নাম রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), আরমান খান (৩১), নাজমিরা ওরফে জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), আরমান (সাত মাস), আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮) এবং আহনাফ তাহমিদ খান (২৫)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন।

Comments :0

Login to leave a comment