হাঁসফাঁস গরমের মধ্যে বৃহস্পতিবার বিকেলের পর কয়েকটি জেলায় নামে স্বস্তির বৃষ্টি। দিনভর তীব্র দাবদাহের পর বিভিন্ন জেলায় সন্ধ্যায় হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে। বজ্রপাতের কারণে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাপুর এই তিন জেলায় সাত জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাপুরের বংশীহারিতে চার জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ঝাড়পুকুরিয়া এলাকার বাসিন্দা সন্ধ্যা রায়ের (৫৪) বজ্রপাতে মৃত্যু ঘটে। জানা গেছে এদিন বিকেলে ঝড় বৃষ্টির মধ্যেই মাঠ থেকে মাথায় করে খর আনতে গিয়েছিলেন। সেই সময় বজ্রপাতে ঘটনা স্থলেই ঝলসে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে আহতকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর পঞ্চায়েতের বরোগ্রামে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে একই পরিবারের তিন জনের মৃত্যু ঘটে। জানা গেছে একই পরিবারের বিশ্বনাথ সরকার(৩৮), স্ত্রী পুস্পা সরকার(৩০) এবং মেয়ে নন্দিতা সরকার(১১) মাঠে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মাঠেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে দ্রুত রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মুর্শিদাবাদ জেলার সুতি থানার নয়াগ্রাম কুসুমগাছি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে আবুল কাসেম শেখ নামে ১৪ বছর বয়সী এক নাবালকের। বহুতালি বৈষ্ণবডাঙা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ আব্দুর রশিদ(৫৪) নামে এক প্রৌঢ়ের। এদিন তিস্তার চরে থেকে গরু আনতে গিয়ে বাজ পড়ে রাজু দাস(২২) নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁদোবাড়ি দাস পাড়া এলাকায়।
Lightning Strikes
তিন জেলায় বাজ পড়ে মৃত ৭
×
Comments :0