Mansur Alam Chopra

মনসুর আলমকে স্মরণ করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের বার্তা

জেলা

পঞ্চায়েত নির্বাচনের সময় নিহত সিপিআই(এম) কর্মী মনসুর আলমের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে চোপড়ার গোয়াবাড়ি হাটে স্মরণসভার আয়োজন করে সিপিআই(এম) চোপড়া ২ নম্বর এরিয়া কমিটি। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মনসুর আলমের স্মৃতিচারণের পাশাপাশি গণতন্ত্র রক্ষা ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বাধা নিয়ে সরব হন। সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্য সামি খান, মোকলেস্বর রহমান, আফজল হুসেন, বিদ্যুত তরফদার প্রমুখ। 
সভায় সামি খান বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল।  নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় শাসকদল গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করে এবং সেই সময়ের সংঘর্ষেই মনসুর আলম প্রাণ হারান।’’ তিনি বলেন, ‘‘গণতন্ত্রের কণ্ঠরোধ করে বিরোধীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। মনসুর সেই লড়াইয়ের একজন শহীদ।’’ আফজল হুসেন একই সুরে শাসকদলের সমালোচনা করে বলেন, ‘‘চোপড়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম করতে গিয়েই একুশ বছরের তরুণ মনসুর আলম প্রাণ হারিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থা, বড় চা বাগান, বালি খাদান ও বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা হয়েছে।’’ তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সাধারণ মানুষকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় চোপড়া ২ নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার বলেন, ‘‘মনসুর আজ শুধু একটি নাম নয়, চোপড়ার মানুষের আবেগের অংশ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ আজও মানুষকে অনুপ্রাণিত করে।’’
বক্তারা মনসুর আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। সভার শেষে শহীদ মনসুর আলমের প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আসা সিপিআই(এম) কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment