ABTA DA

মেলেনি বকেয়া ডিএ, বিকাশ ভবনে স্মারকলিপি এবিটিএ’র

রাজ্য

সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করতে হয়েছে রাজ্যকে। মার্চেই একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে ঘোষণায়। কিন্তু তা মেলেনি।
শুক্রবার এই অভিযোগ নিয়েই  বিকাশ ভবনে ডেপুটেশন দিয়েছে শিক্ষক সংগঠন এবিটিএ। 
রাজ্য সরকারি কর্মচারী থেকে শিক্ষক,  ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৫ ফেব্রুয়ারি বকেয়ার প্রথম অংশ দ্রুত মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 
রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দীর্ঘদিন কর্মচারী, শিক্ষকদের বকেয়া ডিএ মেটানোর দাবির বিরোধিতা করেছে। ডিএ না দেওয়ার জন্য আদালতে মামলা চালিয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরও স্পষ্ট কোনও নির্দেশিকা দেখা যায়নি।
রাজ্যে নির্বাচন ঘোষণার কিছু আগে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ’র প্রথম কিস্তি দেওয়ার ঘোষণা করেন। তারপর পাওয়া যায় সরকারি বিজ্ঞপ্তি। ১৩ মার্চের তারিখে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায় কিস্তিতে টাকা মেটানো শুরু হবে। 
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে উদ্দেশ্য করে দেওয়া চিঠিতে এবিটিএ’র সাধারণ সম্পাদক সুজিত দাস বলেছেন যে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে ২০১৬ থেকে ২০১৯’র বকেয়া মেটানোর জন্য প্রথম কিস্তি দেওয়া হবে মার্চেই। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরে। কিন্তু সময়সীমার উল্লেখ থাকলেও বকেয়া মেটানোর কোনও উদ্যোগ চোখে পড়ছে না।
এবিটিএ বলেছে, ডিএ পাওয়ার কথা যাঁদের তার বড় অংশ সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশন প্রাপক। তাঁরা যাতে কিস্তির টাকা পান স্কুল শিক্ষা দপ্তরকে তার ব্যবস্থা করতে হবে। অর্থ দপ্তরের সঙ্গে সমন্বয় করতে হবে।

Comments :0

Login to leave a comment