Body Recovered

ট্রাফিক পুলিশের বুথ থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়িতে

জেলা

সুরক্ষিত ট্রাফিক বুথের ভেতর থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে ট্রাফিক পুলিশের ওই অ্যাসিস্ট্যান্ট বুথের ভেতর থেকে দেহটি উদ্ধার হয়। খোদ পুলিশের বুথের ভেতর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কুমলাই ব্রিজের কাছে ওই ট্রাফিক বুথের ভেতরে একজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও ট্রাফিক পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা। পুলিশ এসে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বাস টার্মিনাস থেকে কুমলাই ব্রিজের ঢিল ছোড়া দূরত্বে ট্রাফিক পুলিশের তিনটি বুথ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই বুথগুলি দীর্ঘদিন ধরেই অনাদরে পড়ে রয়েছে। বিজয় সাহানি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, "বুথটিতে কোনও তালা লাগানো ছিল না। অরক্ষিত অবস্থায় পড়ে থাকার সুযোগেই কেউ ভেতরে ঢুকেছিল কি না, তা খতিয়ে দেখা দরকার।"
পুলিশি পরিকাঠামোর এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, যে বুথ ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তৈরি, তা যদি দীর্ঘক্ষণ অরক্ষিত ও তালাহীন অবস্থায় পড়ে থাকে এবং সেখানে যদি মৃতদেহ উদ্ধার হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment