শপথ অনুষ্ঠান হয়নি এখনও। হয়নি মন্ত্রিসভাও। তার আগেই মিথ্যা মামলা দিয়ে সিপিআই(এম) কর্মীদের পুলিশি হেনস্তা শুরু হয়ে গেল।
শুক্রবার জামালপুর থানায় বিক্ষোভও দেখান সিপিআই(এম) কর্মীরা। নেতৃত্ব দেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অয়নাংশু সরকার।
সিপিআই(এম) নেতৃত্ব বলেছেন যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা সাজিয়ে সিপিআই(এম) কর্মী মিহিলাল সরেন এবং তাঁর পরিবারকে থানায় তুলে এনেছে পুলিশ। গোটা পরিবারকে হেনস্তা করা হয়েছে। মিহিলাল সরেনের সঙ্গে আরও চার-পাঁচজন সিপিআই(এম) কর্মীরা নামে মামলা দায়ের করা হয়েছে।
অয়নাংশু বলেছেন, ২০১১’র পর মিথ্যা মামলার সংস্কৃতি চালু হতে দেখা গিয়েছে রাজ্যে। ২০২৬’র ভোটের পরপরই মিথ্যা মামলা শুরু হয়ে গেল। জামালপুরের নবগ্রামে মিহিলাল সরেনের ওপর মিথ্যা মামলা দিল পুলিশ।
তিনি বলেছেন, পুলিশ প্রশাসনের ভূমিকা জঘন্য। বামপন্থীদের পতাকা খুলে দিতে হবে, বিজেপি কর্মীদের দাবি এটিই। অগণতান্ত্রিক মনোভাব স্পষ্ট। তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতি চালু করেছিল আজকে বিজেপি সেটিকেই অনুসরণ করছে।
অয়ন বলেন, তৃণমূল এবং বিজেপি দু’দলই আরএসএস পরিচালিত। তাদের মধ্যে মিলও স্পষ্ট।
এদিন জামালপুর থানায় বিক্ষোভ অবস্থানে সিপিআই(এম) কর্মীরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন, সিপিআই(এম) খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে রাস্তায় আছে। থাকবেও।
CPI-M Protest Jamalpur
মিথ্যা মামলা দিয়ে পুলিশি হেনস্তা, জামালপুর থানায় বিক্ষোভ সিপিআই(এম)’র
×
Comments :0