অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি
আসন্ন বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তীর্ণ এলাকার আগামী দিনে উন্নয়নের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করল সিপিআই(এম)। সিপিআই(এম) দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে সোমবার অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন, ‘‘নির্বাচনের দিন যত সামনে আসছে ততই শহর জুড়ে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে বিজেপি ও তৃণমূল দুই দল। মূল সমস্যা থেকে সাধারণ মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে গোটা নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে। শিলিগুড়িতে জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে কোন ভিশন ছিল না। কেন্দ্রীয় সরকার শ্রমকোডের নাম করে শ্রমিক শ্রেণির গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছে। আর রাজ্যের সরকার আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে। এই দুইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পটভূমিকায় আমরা বিকল্প বামফ্রন্ট সরকারের পক্ষে নিবিড় প্রচারে রয়েছি। মানুষ আমাদের সাথে আছেন প্রতিদিনই প্রচারে তা স্পষ্ট হয়েছে। সাংবাদিক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ী অঞ্চলের আগামী পরিকল্পনা বিষয়ে সিপিআই(এম) প্রার্থী দিলীপ সিং বলেন, ‘‘আগামী দিনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকা ডাবগ্রাম ১/২ এবং ফুলবাড়ী ১/২ কে পৌরসভায় রূপান্তরিত করা, ডাবরাম ফুলবাড়ী এলাকার জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থা এবং মেট্রোপলিটন কোর্ট স্থাপন করা, এই বিধানসভা এলাকায় উন্নতমানের সরকারি হাসপাতাল, নতুন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং বর্তমান স্বাস্থ্য কেন্দ্রগুলির মান উন্নত করা, এলাকার সমস্ত সরকারি স্কুল ও কলেজগুলি পরিকাঠামো উন্নয়ন, সমস্ত জুনিয়র হাইস্কুলে কে হায়ার সেকেন্ডারি স্কুলে উনিত করা, ফুলবাড়ী এলাকায় নতুন পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল তৈরি করার কাজ করা হবে। এছাড়াও এলাকায় পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থার উন্নতিকরণের লক্ষ্যে কাজ করব। ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে উদ্যোগ গ্রহণ, ইস্টার্ন বাইপাস ঠাকুরনগর রেলওয়ে ক্রসিং এ ফ্লাইওভার নির্মাণ এবং বিধানসভায় এলাকার সংস্থা আন্ডারপাসের সংস্কার সাধনের কাজ করা হবে। পাশাপাশি এই বিধানসভা এলাকায় শিল্প বাণিজ্যমুখী পরিকাঠামো বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, ব্যবসায়ীদের স্বার্থে ভালো পরিবেশ তৈরি করা, ভারত বাংলাদেশ সীমান্তেও ফুলবাড়ীতে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের পুনরুজ্জীবন, উচ্ছেদ বন্ধ, স্থায়ী পাট্টা প্রদান, ডাম্পিং রাউন্ডের বিজ্ঞানসম্মত সংস্কার সাধন, বিকল্প বাজার নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। ডাবগ্রাম ফুলবাড়ী এলাকার মানুষদের উন্নয়নে, শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী হিসেবে দিলীপ সিংকে জয়ী করার আবেদন জানান সিপিআই(এম)র পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম।
Comments :0