স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করেছে ইডি। সংবাদ ওয়েবসাইট ‘নিউজক্লিক’-র প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজ করে বুধবার একথা বলেছে দিল্লি হাইকোর্ট।
দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসল কৃষ্ণ বাতিল করেছেন অর্থনৈতিক অপরাধ শাখার দায়ের করা এফআইআর। সেই এফআইআর’র ভিত্তিতেই তদন্তে নামে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
‘নিঊজক্লিক’ তদন্তে সারা দেশের সাংবাদিক এবং সামাজিক বহু অংশ সোচ্চার হয়েছিল। প্রবীর পুরকায়স্থকে বন্দি করা হয়েছিল জেলে। এই প্রতিষ্ঠানের সব ব্যাঙ্ক আ্যকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। তল্লাশি চালানো হয় সাংবাদিকদের বিভিন্ন সরঞ্জাম কেড়ে নিয়ে।
বিচারপতি কৃষ্ণ তাঁর রায়ে বলেছেন, ‘‘অসৎ উদ্দেশ্য নিয়ে এই তদ্ত চালানো হয়েছে। স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতার ওপর একতরফা আক্রমণ চালানো হয়েছে। ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।’’
উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা, অন্ধত্ব এবং উদার অর্থনীতির নামে জনবিরোধী সরকারি পদক্ষেপের তীক্ষ্ণ সমালোচকের ভূমিকানিয়ে চলে ‘নিউজক্লিক’। দ্রুত জনপ্রিয়তা পায় শ্রমজীবী অংশের আন্দোলনে যুক্ত সংগঠক এবং মুক্তমনা বিভিন্ন অংশের মধ্যে।
আদালত বলেছে, ‘‘ব্যাপক তল্লাশিতে নেমে ইডি প্রায় দেড় বছর ধরে প্রবীর পুরকায়স্থ এবং তাঁর প্রতিষ্ঠানের সাংবাদিকদের বারবার জেরা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আর্থিক পাচার বা তছরুপের কোনও প্রমাণ আদালতে হাজির করতে পারেনি ইডি। অর্থ পাচার রোধ আইন বা পিএমএলএ’র ৪ নম্বর ধারায় শাস্তি দেওয়া যেতে পারে এমন কোনও প্রমাণ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে পেশ হয়নি।’’
এফআইআর বাতিল করে বিচারপতি বলেছেন, ‘‘এই এফআইআর দায়ের থাকার অর্থ ক্ষমতাকে কাজে লাগিয়ে আইনের অপব্যবহার করা।’’ বিচারপতি বলেছেন যে যেভাবে দিনের পর দিন তল্লাশি চালানো হয়েছে তাতে স্পষ্ট যে কোনও অপরাধের অস্তিত্ব না থাকা সত্ত্বেও আবেদনকারীর আর্থিক বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে।
আমেরিকার একটি সংস্থা ওয়ার্লডওয়াইড মিডিয়া হোল্ডিং এলএলসি’র বিনিয়োগ করার প্রচারের ভিত্তিতে অর্থ পাচারের অভিযোগ দায়ের হয়। ২০২১’র ফেব্রুয়ারিতে ইডি ‘নিউজক্লিক’-র প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বাসস্থানে চারদিন ধরে তল্লাশি চালায়। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আইন ভাঙা, এক খাতের অর্থ অন্য খাতে চালান করার মতো বিভিন্ন অভিযোগ হাজির করা হয়।
পুরকায়স্থের আবেদনের পক্ষে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী কপিল সিবাল, ডি কৃষ্ণান সহ আইনজীবীরা।
ইডি-র পক্ষে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল এসভি রাজু সহ আইনি আধিকারিকরা।
Newsclick
‘নিউজক্লিক’-র বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজ দিল্লি হাইকোর্টে
‘নিউজক্লিক’-র প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ।
×
Comments :0